দেবজিৎ মুখার্জি: আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার যেই দল বেছে নেওয়া হয়েছে, তা ঘিরে বিতর্ক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়াল বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে। বলতে গেলে, কেউই তা মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই, বহু প্রাক্তন তারকা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। অধিকাংশরই বক্তব্য, দুজনকে বাদ দেওয়া একেবারেই উচিত হয়নি।
এমন পরিস্থিতিতে দেশের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি চান যে দল নির্বাচনের প্রক্রিয়া যেন সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, “বহু ক্রিকেটার যোগ্য হওয়া সত্বেও দলে সুযোগ পায় না। এই কারণেই আমি বহুদিন ধরে বলছি যেন নির্বাচনী মিটিংগুলির সরাসরি সম্প্রচার করা হয়। তাতে ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারবেন যে কিসের ভিত্তিতে একজন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এক কথা বলার আর কাজের সময় অন্য কিছু করা, এটা একদমই ঠিক না।”
তিনি আরো বলেন, “শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়ালের মতো দুজন যোগ্য ক্রিকেটার বাদ পড়েছে। কেউ যদি গৌতম গম্ভীরের পুরনো সাক্ষাৎকার দেখে থাকেন, তাহলে সেখানে উনি বলেছেন যে কোন মানেই হয় না ২০ ওভারের ক্রিকেট থেকে জয়সওয়ালকে বাদ দেওয়া। আর এখন উনি কোচ, কিন্তু যশস্বীর জায়গা হচ্ছে না। তাছাড়া রিসেন্টলি আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স দেখলে অবাক হতে হয়, কেন ওকে বাদ দেওয়া হল। যেভাবে ও নিজের টিমকে নেতৃত্ব দিয়েছে আইপিএলে, তাতে সবাই অবাক হয়েছে ও বাদ পড়ায়।”

