নিউজ ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও এখনো তার নেশা কাটেনি ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এখনো এই সিরিজ নিয়ে আলোচনা হয় ক্রিকেট মহলে। বিশেষ করে যেভাবে শুভমান গিল ও তাঁর বাহিনী পঞ্চম টেস্টের শেষ দিনে পরাজয়ের মুখ থেকে জয় বার করে এনেছেন, তা রীতিমত গোটা ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।
তবে এই সিরিজ শুরুর আগে সকলকে স্তম্ভিত করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনের হঠাৎ রিটায়ারমেন্ট নেওয়া দেখে একেবারে চমকে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। বিস্তারিত ভাবে বলতে গেলে, বেশ আঘাত পেয়েছিলেন দুজনের ভক্তরা। অনেকেই তখন দাবি করেছিলেন যে দুজনে মন থেকে রিটায়ারমেন্ট নিতে চাননি। বরং দুজনের উপর চাপ সৃষ্টি করা হয়েছে রিটায়ারমেন্ট নিতে।
এই একই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি। তিনি বলেন, “বোর্ডের ভিতরে রাজনীতি এখন। সেটারই শিকার হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনকে হয়তো সরে দাঁড়ানোর কথা বলা হয়েছিল। এভাবে ছাড়তে চায়নি দুজনে। কিন্তু আলাদা ভাবনা ছিল নির্বাচকদের। এটা নোংরা রাজনীতি পুরোপুরি।” এবার দেখার বিষয় যে আগামী দিনে এই সংক্রান্ত কিছু বেরিয়ে আসে কিনা।
