নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম মিচেল স্টার্ক। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম বিধ্বংসী বোলার। বল হাতে তিনি একাধিকবার নিজের দলের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। বিস্তারিতভাবে বলতে গেলে, বহুবার হারা ম্যাচ অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন তিনি। একটা সময়ে এমন ছিল যে তিনি বল করতে এলেই রীতিমতো আতঙ্কে থাকতেন বিপক্ষ দলের ব্যাটাররা। এতটাই ভয় ধরিয়েছিলেন তিনি নিজের বোলিংয়ের মাধ্যমে।
তবে এবার তিনি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, ওরফে টি-২০ ক্রিকেটকে চিরকালের জন্য টাটা করে দিলেন। এই ফরম্যাট থেকে চিরকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একটি বিবৃতির মাধ্যমে তিনি নিজের রিটায়ারমেন্টের সিদ্ধান্ত জানান। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে টেস্ট ক্রিকেট তাঁর বড় প্রাধান্য। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে আসন্ন ওডিআই বিশ্বকাপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে ফিট থাকার কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্টার্কের বক্তব্য, “টেস্ট ক্রিকেট আমার সর্বোচ্চ প্রাধান্য এবং তা চিরকালই ছিল। অস্ট্রেলিয়ার হয়ে যতগুলো টি-২০ ম্যাচ খেলেছি, সবকটার প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপে। শুধু জেতার কারণে নয়, বরং এক অবিশ্বাস্য দল এবং যেই মজা পথে হয়েছিল, সেই কারণে। আমি মনে করি ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট, অ্যাশেজ এবং ২০২৭ সালে যে ওডিআই বিশ্বকাপ রয়েছে, তাতে ফিট থাকার এবং ফর্ম বজায় রাখার জন্য এটাই সেরা উপায়।”
