নিউজ ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে খারাপ অবস্থা ইংল্যান্ডেরও। চলতি অ্যাশেজ ১১ দিনের ক্রিকেটে জিতে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। যেই ‘ব্যাজবল ক্রিকেট’এর উপর এতটা বিশ্বাস ছিল ব্রেন্ডন ম্যাকালামের, তা এলো না কাজে। উল্টে সেই ধরনের ক্রিকেট খেলতে গিয়ে রীতিমতো দুরবস্থার মুখে পড়তে হয়েছে গোটা দলকে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ইতিমধ্যেই নিজের ঝুলিতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। যে দুটি বাকি আছে, তাতেও যদি হেরে যায়, তাহলে লজ্জাজনক পরাজয় হবে ইংল্যান্ডের। সুতরাং, বাকি দুটিতে তারা যে জিততে চাইবে, তা বলাই বাহুল্য।
এই শোচনীয় পরিস্থিতি দেখে বড় মন্তব্য করে বসলেন প্রাক্তন ইংলিশ তারকা স্পিনার মন্টি পানেসার। তিনি ম্যাকালামের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ, রবি শাস্ত্রীকে দলের কোচ করার দাবি তুলেছেন। সাংবাদিক রবি বিস্তের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন ইংলিশ তারকা এই দাবি তুলে ধরেন। যদিও কি কারনে রবি শাস্ত্রীকে দলের কোচ করা উচিত, সেটিও তুলে ধরেন মন্টি। তিনি মনে করেন যে রবি শাস্ত্রী জানেন কিভাবে অজিদের হারানো যায়।
মন্টি পানেসার বলেন, “আপনাকে ভাবতে হবে যে কে ভালো করে জানেন যে কিভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করা যায়। অস্ট্রেলিয়ার দুর্বলতার সুযোগ আপনি কিভাবে মানসিক, শারীরিক ও কৌশলগতভাবে নেবেন।” এরপরই তিনি রবি শাস্ত্রীর নাম তোলেন। তিনি বলেন, “আমার মনে হয় দলের পরবর্তী কোচ হিসেবে ভাবা উচিত রবি শাস্ত্রীর নাম।”
প্রাক্তন ভারতীয় তারকাকে দলের কোচ করা হবে কি হবে না, তা আগামীদিনেই জানা যাবে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে রবি শাস্ত্রীর কোচ হিসেবে রেকর্ডের কারণেই তাঁকে দলের জন্য সঠিক কোচ বলে মনে করছেন মন্টি। যদিও এই মুহূর্তে দেখার বিষয় যে বাকি দুটি ম্যাচে কেমন পারফর্ম করে ইংল্যান্ড। শেষ দুটি টেস্ট জিতে সম্মানরক্ষা করতে পারে কিনা তারা, সেটাই এখন দেখার।

