দেবজিৎ মুখার্জি: “পরিবেশ ভালো চেয়েছিলাম” দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়াকু জয় পাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানালেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার, যা শুনে অনেকে মনে করছেন যে তিনি নিজের প্রাক্তন দলকে, ওরফে কেকেআরকে, খোঁচা দিয়েছেন। তিনি জানান যে নিলামে তিনি ভাবছিলেন না কোন দলে জায়গা পাবেন, বরং একটা ভালো পরিবেশ চেয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে বর্তমান টিম ম্যানেজমেন্টকে নিয়ে তিনি সন্তুষ্ট।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন পাঞ্জাব কিংসের বর্তমান অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সেখানেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাঁর হাত ধরে কেকেআর নিজেদের তৃতীয় খেতাব পায়। তবে তখন দলের সঙ্গে যে তাঁর মতপার্থক্য বেশ বোঝা যাচ্ছিল এবং অনেকে ধরেই নিয়েছিলেন যে পরের মরশুমে তাঁকে দেখা নাও যেতে পারে নাইট শিবিরে। বলা যায়, একপ্রকার স্পষ্টই হয়ে গিয়েছিল শ্রেয়াসের না থাকাটা।
যা ভাবা হয়েছিল ঠিক সেটাই হয়। কেকেআর ছাড়েন শ্রেয়াস এবং হাত মেলান প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের সঙ্গে। এবারও তিনি অধিনায়কের দায়িত্ব পান এবং আরো একবার নিজের দলকে খেতাবের দিকে এগিয়ে নিয়ে যান। ফাইনালে পৌঁছে গিয়েছে পাঞ্জাব এবং এর সঙ্গে শ্রেয়াস একটি রেকর্ড পর্যন্ত করে ফেলেন। তিনি প্রথম অধিনায়ক যিনি তিনটি আলাদা দলকে নেতৃত্ব দিয়ে আইপিএলের ফাইনালে নিয়ে যান। অনেকেই আশা করছেন যে ফের তাক লাগাবেন তিনি।
দ্বিতীয় কোয়ালিফায়ারে বড় ব্যবধানে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে ফাইনালে টিকিট পাকা করে নেয় পাঞ্জাব কিংস। পাঁচ উইকেটে ম্যাচ জেতে তারা। ফাইনালে তারা মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দ্বিতীয় কোয়ালিফায়ারে আরো একটি দুর্দান্ত ইনিংস খেলেন শ্রেয়াস এবং হন ম্যাচের সেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা প্রসঙ্গে ওঠে তাঁর প্রাক্তন দল কেকেআরের কথা। নাম না করে তিনি বলেন, “নিলামে কোন দলে যাবো, সেটা নিয়ে ভাবছিলামনা। আমি শুধু একটা ভালো পরিবেশ চেয়েছিলাম। কোথায় যাচ্ছি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মাইন্ড স্পেস। আমি টিম ম্যানেজমেন্ট ও সকলকে নিয়ে বেশ সন্তুষ্ট। সকলেই আমাকে কমফোর্টেবল ফিল করিয়েছে। পরিবেশটা বেশ ভালো।”
শ্রেয়াসের বক্তব্য শুনে ক্রিকেট মহলের একাংশ মনে করছেন যে তিনি নিজের প্রাক্তন দলকেই খোঁচা দিয়েছেন নাম না করে। অনেকে আবার এটাও মনে করছেন যে শ্রেয়াস কেকেআর ছেড়ে একদম ঠিক কাজ করেছেন এবং পাঞ্জাব তাঁকে তাঁর প্রাপ্য সম্মান দিয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত শ্রেয়াসের হাত ধরে পাঞ্জাব নিজেদের প্রথম আইপিএল খেতাব পায় কিনা। নাকি বেঙ্গালুরুর ঝুলিতে সেটা যাবে? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।
