নিউজ ডেস্ক: যেভাবে বার্মিংহাম টেস্টে ভারতীয় ক্রিকেট দল বড় ব্যবধানে জয় পেয়েছে, তাতে প্রশ্নের মুখে পড়েছে ইংল্যান্ডের প্লেয়িং স্ট্র্যাটেজি। অনেকেই অনেকরকম মতামত পেশ করেছেন। কেউ দোষ দিচ্ছে ব্যাটিংয়ের। আবার কেউ দোষ দিচ্ছে বোলিং বিভাগের। বলা বাহুল্য, এই পরাজয় একেবারেই মেনে নিতে পারেননি দলের সমর্থক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সকলেই আশা করেছিলাম যে অন্তিম দিনে ক্রিজ আঁকড়ে থেকে ম্যাচ বাঁচাবে দল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
এবার এই বিষয়ে নিজের মতামত জানালেন দলের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম। প্রাক্তন কিউই তারকার মতে টসে ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ম্যাচ হাতছাড়া হয়েছে। তিনি বলেন, “আশা করিনি উইকেট এরকম হবে। তবে আমরা ২০০ রানের মধ্যে ভারতের পাঁচটি উইকেট ফেলে দিয়েছিলাম। কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি। আমি মনে করি ওখান থেকেই আমরা পিছিয়ে পড়েছিলাম।”
তিনি আরো বলেন, “ব্রুক ও স্মিথের দুর্দান্ত পার্টনারশিপের ফলে ম্যাচে ভারসাম্য আনতে পেরেছিলাম আমরা। সেই কারণে পাঁচদিন পর্যন্ত খেলা গড়িয়েছে। আমাদের সেটার উপরই নজর রাখতে হবে। আমরা যে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করি না, তা কিন্তু নয়। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে এই পিচে পরে ব্যাট করলে সুবিধা হবে। কিন্তু তা হয়নি।” এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। কি হয় ফলাফল, সেটাই এখন দেখার।
