আর এক্সপেরিমেন্ট করা উচিত নয়, টি-২০ বিশ্বকাপের আগে পরামর্শ আকাশ চোপড়ার

আর এক্সপেরিমেন্ট করা উচিত নয়, টি-২০ বিশ্বকাপের আগে পরামর্শ আকাশ চোপড়ার

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে অস্ট্রেলিয়াকে টি-২০ সিরিজে পরাজিত করে আত্মবিশ্বাস তুঙ্গে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। তবে বছর ঘুরলেই ২০ ওভারের বিশ্বকাপ। কিন্তু তার আগে পরীক্ষানিরীক্ষার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, এবার আর কোনও এক্সপেরিমেন্ট করা উচিত নয়। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে যেহেতু ফেব্রুয়ারিতে বিশ্বকাপ, তাই তার আগে কোনরকম পরীক্ষানিরীক্ষা করা উচিত নয়।

সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে একাধিক পরিবর্তন করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও শুভমান গিলকে বাদ দিয়ে অজস্র এক্সপেরিমেন্ট করতে দেখা গিয়েছে। কী সেই এক্সপেরিমেন্ট? কখনো তিন নম্বরে দেখা গিয়েছে সঞ্জু স্যামসন বা শিবম দুবেকে। এমনকি দলের অধিনায়ক সূর্যকুমার জায়গা পরিবর্তন করেও পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। অন্তিম ম্যাচে আবার সুযোগ দেওয়া হয়নি এশিয়া কাপ ফাইনালে প্লেয়ার অফ দ্যা ম্যাচ তিলক বর্মাকে। কখনো আবার ফিনিশার হিসেবে দেখা গিয়েছে দলের তরুণ তারকা ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু বোলিং দক্ষতা থাকলেও তাঁকে কাজে লাগানো হয়নি তেমনভাবে।

এবার এই জাতীয় এক্সপেরিমেন্ট নিয়ে নিজের মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, “এবার পরীক্ষানিরীক্ষা বন্ধ হবে আশা করি। দল থেকে পরিষ্কার বলা হয় যে যেকোনও ক্রিকেটারকে যেকোনও জায়গায় খেলানো যায় বা বসানো যেতে পারে। কিন্তু সামনে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আমি মনে করি এক্সপেরিমেন্ট করা উচিত নয় সেখানে। এবার শেষ সেটার পালা। বিশ্বকাপ ফেব্রুয়ারি মাসে। তার আগে আর দরকার নেই কোনও পরীক্ষানিরীক্ষার। 

এখানেই শেষ নয়, প্রাক্তন ভারতীয় তারকা আরো বলেন, “বিশ্বকাপ ঘরের মাঠে মানে আমাদের সুবিধা। কিন্তু চাপও সেই সঙ্গে থাকবে। যেটা সম্ভাব্য একাদশ হতে পারে, আমাদের এই মুহূর্তে তেমন দল খেলানো উচিত।” বলে রাখা ভালো, গত ২০ ওভারের বিশ্বকাপ গিয়েছিল টিম ইন্ডিয়ার ঝুলিতে। দলকে নেতৃত্ব দিয়েছিলেন হিটম্যান, ওরফে রোহিত শর্মা। ফাইনালে তারা পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকাকে। তবে জয়ের ব্যবধান ছিল বেশ কম। বলা ভালো, লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হয়েছিল। পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছিল ভারত।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *