নিউজ ডেস্ক: এই মুহূর্তে ৮ থেকে ৮০ সকলেরই মুখে এখন একটাই নাম চলছে আর সেটা হল ঋষভ পান্থ। যেভাবে আহত পা নিয়ে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেষ্টারে একটি দৃষ্টি আকর্ষণ করার মতো অর্ধশতরানের ইনিংস খেললেন, তা মন জিতে নিয়েছে গোটা ক্রিকেট মহলের। বলা ভালো, এই মুহূর্তে তিনি একপ্রকার নায়ক হয়ে গেছেন সকলের নজরে। তাঁর ৭৫ বলে ৫৪ রানের ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছয়। অর্থাৎ মোট ২৪ রান আসে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে।
এই ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি পান্থের এই ইনিংসের প্রশংসা করেন একটি পোষ্টের মাধ্যমে। তাতে পান্থের ছবি দিয়ে লেখা, “এটা ট্যালেন্ট নয়, এটা ক্যারেক্টার। স্যালুট জানাই তোমায়।” এরপরই ক্রিকেটপ্রেমীরা শুরু করেন কমেন্ট করা। সকলেই পান্থের প্রশংসা করেন এমন সাহসী পদক্ষেপের জন্য। আবার অনেকে এই ভয়তেও রয়েছেন যে শেষ টেস্টে কি হবে।
প্রসঙ্গত, তৃতীয় টেস্টেও আঘাত পেয়েছিলেন পান্থ। উইকেট কিপিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন। তবে তা সত্ত্বেও ব্যাট করে একটি অসাধারণ ইনিংস তুলে ধরেন। চতুর্থ টেস্টেও একই ঘটনা ঘটে। আবারো চোট পান তিনি এবং ফের বড় ইনিংস খেলেন। অনেকেই এখন মনে করছেন যে এমনটা চলতে থাকলে আগামী দিনে বহু বোলারের আতঙ্কের কারণ হয়ে উঠবেন পান্থ। এবার দেখার বিষয় যে কতদিন এই ফর্ম তিনি ধরে রাখতে পারেন। কি হয় পরবর্তী ইনিংসে, সেটাও এখন দেখার।
