নিউজ ডেস্ক: হেডিংলি টেস্টে পরাজয়ের দায় নিজের ঘাড়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। কি বললেন তিনি? জিটি তারকা দাবি করলেন যে লাইন ও লেন্থ মেনটেন করে বোলিং করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত সফল হননি। পাশাপাশি, তিনি এটাও স্বীকার করেন যে একজন পেশাদার বোলার হিসেবে তাঁর এটা করে দেখানো উচিত ছিল। তবে এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে পরের ম্যাচে শুধরে নেবেন নিজেকে।
হেডিংলি টেস্টে ব্যাট হাতে ভালো পারফর্ম করা সত্ত্বেও ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ নিজেদের নামে করে ইংল্যান্ড। প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, সকলেই দাবি করেন যে বোলিং ভালো না হওয়ায় ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের। যদিও শুধু একা বোলিং নয়, ক্যাচ মিসকেও পরাজয়ের কারণ হিসেবে তুলে ধরেছেন অনেকে। বলা ভালো, ব্যাটিং ছাড়া গত টেস্টে অন্যকিছু পজিটিভ দেখতে পাননি কেউই। তাও লোয়ার অর্ডার একেবারেই দাগ কাটতে পারেনি।
এমন পরিস্থিতিতে গত ম্যাচে পরাজয়ের দায় নিজের ঘাড়ে নিলেন দলের তরুণ পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি বলেন, “আমার লক্ষ্য ছিল লাইন ও লেন্থ মেনটেন করে বোলিং করার। কিন্তু শেষ পর্যন্ত তা পারিনি। কিছুটা সময় লেগে যায় উইকেটের ঢালের সঙ্গে নিজেকে অভ্যস্ত করতে। কিন্তু আমি মনে করি এটা আমার করতে পারা উচিত ছিল একজন পেশাদার বোলার হিসেবে। এর জন্য পুরোপুরি দায়ী আমি। তবে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব পরের ম্যাচে।” এবার দেখার বিষয় দ্বিতীয় টেস্টে পারফর্ম করতে পারেন কিনা প্রসিদ্ধ কৃষ্ণা।

