ভারতকে রানের পাহাড় থেকে রুখলেও চাপে দক্ষিণ আফ্রিকা

ভারতকে রানের পাহাড় থেকে রুখলেও চাপে দক্ষিণ আফ্রিকা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জমজমাটি জায়গায় পৌঁছে গিয়েছে ইডেনে চলতি ভারত ও দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। কিন্তু দিনের শেষে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারল না প্রোটিয়ারা। মাত্র ৬৩ রানে এগিয়ে তারা এই মুহূর্তে। তাদের স্কোর এই পর্যন্ত ৭ উইকেটে ৯৩। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৃতীয় দিনে খুব বেশি লিড নিতে পারবে না তারা এবং ম্যাচ সহজে চলে যাবে শুভমান গিলদের ঝুলিতে।

শনিবার, ১৫ নভেম্বর, ছিল দ্বিতীয় দিনের খেলা। ১ উইকেটে ৩৭ রান নিয়ে ব্যাট করতে নেমে খুব বেশি গান জুড়তে সফল হননি টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড। ১৮৯ রানে শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। দলের কোন ব্যাটারের তরফ থেকেই অর্ধশতরান বা শতরানের ইনিংস আসেনি। সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস আসে কেএল রাহুলের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে চারটি উইকেট তোলেন হার্মার, তিনটি ইয়ানসেন এবং একটি করে উইকেট পান মহারাজ ও বশ। বলা ভালো, এদিন প্রত্যাশা অনুযায়ী একেবারেই পারফর্ম করতে পারেনি ব্যাটিং বিভাগ। 

অন্যদিকে, ৩০ রানের লিড টপকাতে নেমে দক্ষিণ আফ্রিকার অবস্থাও খুব একটা ভালো নয়। দিনের শেষে তাদের স্কোর ৭ উইকেটে ৯৩। অর্থাৎ এই মুহূর্তে তারা এগিয়ে ৬৩ রানে। সবকটি উইকেটই গেছে স্পিনারদের ঝুলিতে। এক কথায় বলতে গেলে, ঘূর্ণিতে কিস্তিমাত হয়েছে প্রোটিয়াদের। এই পর্যন্ত চারটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, দুটি কুলদীপ যাদব এবং একটি অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে দেখার যে তৃতীয় দিনে কত রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা ধরে নিয়েছেন যে সহজেই ম্যাচ নিজেদের নামে করতে পারবে টিম ইন্ডিয়া। বলে রাখা ভালো, প্রায় বছর ছয়েক পর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে খেলা হচ্ছে টেস্ট ম্যাচ। এবার দেখার কে জয় পায়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *