দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙ্গালীদের উপর অত্যাচার চালানো হচ্ছে, তা আলোচনার বিষয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। বলা ভালো, এই বিষয়টি নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। পথে নেমে লাগাতার প্রতিবাদ জানানো হচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সারা রাজ্যে ভাষা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরাও এই ব্যাপারে সরব হয়েছেন এবং দাবি করেছেন যে বাঙ্গালীদের উপর হওয়া অত্যাচার, একেবারেই মেনে নেওয়া যাবে না।
ইতিমধ্যেই, এই ইস্যুটির আঁচ পড়েছে ফুটবলের ময়দানে। সম্প্রতি, সল্টলেক স্টেডিয়ামে চলতি ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম নামধারী ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল একটি বিশাল ব্যানার, যাতে লেখা ছিল, ‘ভারত স্বাধীন করতে সেদিন পরেছিলাম ফাঁসি! মায়ের ভাষা বলছি বলে, আজকে ‘বাংলাদেশি’?’ তা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ভাইরাল হওয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। বলা ভালো, বেশ খুশি হয়েছিলেন বাঙালিরা।
এবার একই চিত্র ফের দেখা গেল সল্টলেক স্টেডিয়ামে চলতি ডুরান্ড কাপের মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার ম্যাচে। মেরিনার্স ডি এক্সট্রিম আলট্রাস অফ মোহনবাগান তরফ থেকে যেই ব্যানার আনা হয়েছিল, তাতে লেখা ছিল ‘বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা/ সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।’ আরও একটা টিফো ছিল এবং তাতে লেখা ছিল, ‘দেশটা কারোর বাপের নয়, নয়কো জাতের খেলা, এই বাঙালিই ঘুচিয়েছিল, পরাধীনতার জ্বালা।’ আরো একটি ব্যানার দেখা যায় যাতে লেখা, ‘শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুট বাংলা জুয়েল’ আর ‘জন গণ মন বন্দেমাতরম। বাংলা ভাষা মায়ের সমান।’ এছাড়াও ছিল এই সংক্রান্ত আরো অনেক ব্যানার। এবারও দৃশ্যটি দ্রুত ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে এবং ব্যবহারকারীদের প্রশংসা কুঁড়িয়েছে।

