নিউজ ডেস্ক: বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের পর দলের অধিনায়ক শুভমান গিলের ব্যাটিংয়ের পাশাপাশি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন আকাশ দ্বীপের বোলিং। অনেকে দাবি করছেন যে তাঁর বোলিংয়ের উপর ভর করেই সিরিজে সমতা আছে রাতে পেরেছে ভারতীয় ক্রিকেট দল। মোট ১০টি উইকেট তোলেন আকাশ গোটা ম্যাচে। রীতিমতো কোমর ভেঙে দেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের।
এবার ভাইয়ের অসাধারণ পারফরম্যান্স প্রসঙ্গে বক্তব্য রাখলেন আকাশ দ্বীপের ক্যান্সার আক্রান্ত দিদি অখণ্ড জ্যোতি সিং। তাঁর লখনউয়ের বাড়ি থেকে তিনি এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “আমি গর্বিত এই ব্যাপারে যে ও আমাকে উৎসর্গ করেছে নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার চোখে জল এসে গিয়েছিল। তারপর নিজেকে সাহস যুগিয়ে বলেছিলাম যে ও আমার জন্য এতটা করেছে আর দেশের জন্য যেন এমনই করতে থাকে।”
তিনি আরো বলেন, “বলে বোঝাতে পারবো না ঠিক কতটা খুশি হয়েছিলাম ওর ১০ উইকেট নেওয়াতে। ও ইংল্যান্ড যাওয়ার সময় ওকে তুলে দিতে গিয়েছিলাম। যখনই ও খেলে, তখনই অখণ্ড প্রদীপ জ্বলে ঘরে ৫ দিন ধরে, যাতে ও উইকেট নিতে পারে, দেশের জন্য ভালো করতে পারে ও ম্যাচ যেন দলকে জেতায়।” এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করেন আকাশ। কি হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।
