দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে শেষ হল ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পাঁচ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তলে ইংল্যান্ড এবং সিরিজে এগিয়ে যায় ১-০তে। দুই দলের ক্রিকেটাররাই ব্যাট হাতে বেশ ভালো পারফর্ম করেছেন। তবে এই সবকিছুর মাঝেও দেশের সমস্ত ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি বেশি আকর্ষণ করেছে ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা কেএল রাহুল ও ঋষভ পান্থের দুর্দান্ত ব্যাটিং। যেভাবে ইংল্যান্ডের মাটিতে তাদের বোলারদের মুখোমুখি হয়েছে দুই তারকা, তা মন জয় করেছে ৮ থেকে ৮০ সকলের। বলা ভালো, এই মুহূর্তে দুজন দেশের ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি হয়ে উঠেছে।
তবে সবাই প্রশংসা করলেও দুজনের প্রশংসা এমন একজন করেছেন, যা অনেকেই ভাবতে পারেননি। কে সেই ব্যক্তি? দুই তারকার দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করেছেন লখনৌ সুপার জায়েন্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা। রাহুল তাঁর দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন এবং পান্থ বর্তমান অধিনায়ক। তবে গত দুই আইপিএল মরশুমে তাঁকে যেমন ব্যবহার করতে দেখা গিয়েছিল দুই ক্রিকেটারের সঙ্গে, তা অনেকেই অপছন্দ করেছিলেন। যদিও রাহুল ও পান্থ দুজনেই ঝগড়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও ক্রিকেটপ্রেমীরা ধরে নিয়েছেন যে তিনি রীতিমতো ধমক দিয়েছেন দুই তারকাকে।
কিন্তু এবার তিনি দুজনের ইনিংসের প্রশংসা করলেন। কি বললেন সঞ্জীব গোয়েঙ্কা? তিনি লেখেন, “দুটি ইনিংসেই ব্যাক টু ব্যাক শতরান পেয়েছে পান্থ। বেশ সাহসী ও আগ্রাসী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পান্থ দ্বিতীয় ক্রিকেটার যে একই টেস্টের দুই ইনিংসে শতরান পেয়েছে।” এরপর রাহুল প্রসঙ্গে নিজের অবস্থান জানান এলএসজি কর্তা। তিনি দাবি করেন, “শতরানের জন্য শুভেচ্ছা লোকেশ রাহুলকেও।” এবার দেখার বিষয় আইপিএলের পরবর্তী মরশুমে রাহুল ও পান্থকে নিয়ে কি ভাবনাচিন্তা করেন সঞ্জীব গোয়েঙ্কা।
