দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজ। রায়পুরে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাহাড় সমান রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে তারা। বুধবার দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যাটিং ছিল দেখার মতো। বিস্তারিতভাবে বলতে গেলে, ৩৫৯ রান যেন সহজ দেখাচ্ছিল তাদের কাছে। টিম ইন্ডিয়ার কোন বোলারই তেমন দাগ কাটতে সফল হননি। তেমন চাপে ফেলতেই পারেনি দক্ষিণ আফ্রিকাকে।
তবে এই সবকিছুর মাঝে ট্রোলের পাত্র হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বলে রীতিমতো স্বাচ্ছন্দের সঙ্গে আক্রমণ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বলা ভালো, কাউকেই তেমন রান পেতে কষ্ট করতে দেখা যায়নি। দশের বেশি বোলিং ইকোনমি হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা তাঁর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ।
অনেকে আবার সমাজমাধ্যমে তাঁকে নিয়ে ব্যঙ্গ পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, বহু নেটিজেন আবার তাঁকে তারকা পাক পেসার হ্যারিস রাউফের সঙ্গেও তুলনা করেছেন এবং দাবি করেছেন যে প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের হ্যারিস রাউফ। সবমিলিয়ে বলতে গেলে, এই মুহূর্তে তিনি একপ্রকার ভিলেন হয়ে উঠেছেন অনেকের নজরে।
কিন্তু ম্যাচ চলাকালীন এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যা এই মুহূর্তে নেটপাড়ায় এক বড় আলোচনার বিষয়। ৩৭তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ছক্কা খান প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর নো বল ও ওয়াইডও করেন। এক ওভারেই তিনি দিয়ে দেন ১৬ রান, যা একেবারেই ভালোভাবে নেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
একটি ভাইরাল ছবিতে দেখা গিয়েছে প্রসিদ্ধের প্রতি রোহিতের অ্যাংরি রিয়েকশন। এরপরই ক্রিকেটপ্রেমীরা কমেন্ট করতে শুরু করেন। অধিকাংশেরই বক্তব্য যে রোহিতের রাগ হওয়া স্বাভাবিক। আবার অনেকে এটাও দাবি করেছেন যে বুমরাহ, শামি ও সিরাজদের ফিরিয়ে আনা দরকার। তবে দিনের শেষে প্রসিদ্ধের পক্ষে কেউ কথাই বলেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে সিরিজ ডিসাইডারে প্লেইং একাদশে জায়গা পান কিনা প্রসিদ্ধ কৃষ্ণা।
