দেবজিৎ মুখার্জি: আবারো বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং। কি বললেন তিনি? এবার তিনি বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। যুবি পিতার বক্তব্য, দুই তারকা, সদ্য নির্বাচিত টেস্ট অধিনায়ক, শুভমান গিলের দিকে ব্যাটন ছুড়ে দিয়ে গেছেন হাতে তুলে দেওয়ার বদলে। অর্থাৎ, তিনি বোঝাতে চাইলেন যে রোকো গিলকে বিপদে ফেলে চলে গেলেন।
আগামী শুক্রবার, ২০শে জুন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। সকল ক্রিকেটারই নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছে ভালো পারফর্ম করার জন্য। শুধু ভালো পারফর্ম করার জন্যই নয়, জাতীয় দলে জায়গা পাকাপাকি করার জন্যও ইংল্যান্ড সিরিজকে বেছে নিয়েছেন তাঁরা। দিনরাত এক করে অনুশীলন করছেন সকল ক্রিকেটার। বলতে গেলে, রোহিত শর্মা ও বিরাট কোহলির না থাকাকে কাজে লাগাতে চাইছেন তাঁরা।
তবে এই সিরিজের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বড় চাপে ফেলেছে দলকে। শুভমান গিলের নেতৃত্বে, বলতে গেলে, এক তরুণ দল খেলতে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও দলে যারা জায়গা পেয়েছেন, তাঁরা সকলেই গত কয়েকটি সিরিজ ধরে ভালো পারফর্ম করে চলেছেন। এছাড়া বাড়তি সুবিধা সাই সুদর্শনের মতো প্রতিভাশালী ক্রিকেটারদের দলে জায়গা করে নেওয়া। পাশাপাশি, একটা লম্বা সময়ের পর জাতীয় দলে জায়গা পেলেন করুন নায়ার। সম্প্রতি, তিনি যে ফর্মে রয়েছেন, তা প্রমাণ করে দিয়েছেন। সবমিলিয়ে, দলের সকল ক্রিকেটারের প্রতিভা থাকলেও তাঁরা অভিভাবকহীন।
এমন পরিস্থিতিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তিনি বলেন, “নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়া উচিত ছিল দুজনের। ঠিক যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন। কিন্তু ওরা দুজনে সেটা করেনি। উল্টে ছুড়ে দিয়েছে গিলের দিকে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝান যে ঠিক কতটা বিপদে শুভমান গিলকে ছেড়ে রেখে দিয়ে গেছেন রোহিত ও বিরাট। এবার দেখার বিষয় যে গিল তরুণ ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ড বধ করতে পারেন কিনা। কি হবে শেষ পর্যন্ত? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

