নিউজ ডেস্ক: এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এক বড় আলোচনার বিষয় দলের পিঞ্চচ হিটার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কদিন আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়া বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের পরই তিনি দীর্ঘ ১৫ বছরের সফর শেষ করবেন।
স্বাভাবিকভাবেই রাসেলকে নিয়ে এখন চারিদিকে জোরদার চর্চা চলছে। বলা ভালো, অনেকেই অনেকরকম কথা বলছেন। কেউ মনে করছেন যে আরো কিছুদিন খেলতে পারতেন তিনি। আবার অনেকের মতে এটাই সঠিক সময় তাঁর অবসর নেওয়ার। এক কথায় বলতে গেলে, তিনি এখন হট টপিক ক্যারিবিয়ান ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সকলেই এখন অপেক্ষা করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির জন্য।
তবে তার আগে এক সাক্ষাৎকারে রাসেল জানালেন তাঁর জীবনের সেরা মুহূর্তের কথা। তিনি বলেন, “টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ২০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে যেই ইনিংস খেলেছিলাম, সেটা আমার সেরা মুহূর্ত। আমরা রান তাড়া করে ম্যাচ জিতেছিলাম। ১৯০ রানের উপর তাড়া করা মোটেই খুব একটা সহজ হয় না। তবে আমি বলব যে সেদিন উইকেট ভালো ছিল। ড্রেসিংরুমে সকলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। সেটাই আমাকে কনফিডেন্স দেয় এবং এনকারেজ করে নিজের ভূমিকা নিখুঁতভাবে পালন করার জন্য।”
