পরিশ্রমের পুরস্কার পেলেন সারফারাজ, মাহির দলে পেলেন সুযোগ

পরিশ্রমের পুরস্কার পেলেন সারফারাজ, মাহির দলে পেলেন সুযোগ

দেবজিৎ মুখার্জি: দীর্ঘদিন ধরেই জাতীয় দলে জায়গা থেকে বঞ্চিত সারফারাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। এরপর থেকে তাঁকে আর সাদা জার্সিতে খেলতে দেখা যায়নি। অনেকে তাঁকে প্রথম একাদশে জায়গা না দেওয়া নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলেছিলেন। শুধু তাই নয়, অনেকে এটাও বলেছিলেন যে তরুণ তারকাকে বসিয়ে রাখা একেবারেই ঠিক নয়। অবশেষে আসন্ন আইপিএলে তিনি জায়গা পেলেন এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসে। দীর্ঘ দু’বছর পর তিনি কোনও আইপিএল দলে জায়গা পেলেন।

৭৫ লক্ষ টাকায় সারফারাজকে কিনেছে সিএসকে। স্বাভাবিকভাবেই গোটা খান পরিবারে খুশির হাওয়া বইছে এই মুহূর্তে। তরুণ তারকা এই সুখবর ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং তাতে এক ব্যক্তিকে চরম উল্লাস করতে দেখা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ জানাই সিএসকেকে নতুন জীবন দেওয়ার জন্য।” এই পোস্ট ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি এবং সকলেই তাতে কমেন্ট করেন এবং সারফারাজকে অভিনন্দন জানান। অনেকে আবার এমনও লিখেছেন যে আইপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও তাঁকে তাঁর আগুন ফর্ম বজায় রাখতে হবে।

সারফারাজের এই লড়াই বেশ কঠিন ছিল। আইপিএলে বিরাট কোহলির দল আরসিবির হয়ে খেলেছেন তিনি। পরে খেলেছেন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে, কিন্তু তেমন দাগ কাটতে পারেননি। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে সারফরাজের এবং নেমে তাক লাগিয়ে দেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেন। তবে তারপর থেকে সারফারাজের ব্যাট তেমন কথা বলেনি এবং তিনি বাদ পড়েন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি লাগাতার ভালো পারফর্ম করে চলেছেন এবং অবশেষে সেটির পুরস্কারও পান তিনি সিএসকে দলে সুযোগ পাওয়া রূপে। এবার দেখার বিষয় যে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে নিজের জায়গা মজবুত করতে পারেন কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *