দেবজিৎ মুখার্জি: টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার পারফরমেন্স সাম্প্রতিককালে ভালো না হলেও লিমিটেড ওভার ফরম্যাটগুলিতে ধারাবাহিকভাবে ভালো খেলা উপহার দিয়ে চলেছেন দলের ক্রিকেটাররা। বিস্তারিতভাবে বলতে গেলে, একের পর এক সিরিজ দিতে চলেছে ‘মেন ইন ব্লু’। তবে এই সবকিছুর মাঝেও চর্চা থামেনি দলের তারকা পেসার মহাম্মদ শামিকে নিয়ে। যেভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা সত্ত্বেও লাগাতার দল থেকে বাদ পড়ে চলেছেন, তা দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। বলা ভালো, তা দেখে ক্ষুব্ধ দেশের ক্রিকেটপ্রেমীরা। সকলেরই একটাই প্রশ্ন যে কিভাবে বিশ্বকাপে পারফর্ম করা এমন একজন বোলারকে ধারাবাহিকভাবে বসিয়ে রাখা যায়।
তারকা পেসারকে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বল হাতে সেই টুর্নামেন্টেও তিনি ভালো পারফর্ম করেছিলেন। কিন্তু তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি জাতীয় দলে। এই নিয়ে বেশ ভুল বোঝাবুঝিও হয়েছে। বোর্ডের নির্বাচক প্রধান, তথা প্রাক্তন ক্রিকেটার, অজিত আগারকার দাবি করেছিলেন যে শামিকে নিয়ে কোনও আপডেট নেই তাদের কাছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে আদৌ তাঁকে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে দেখা যাবে কিনা। সকলের মনে এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে দরজা কি আদৌ খোলা রয়েছে তাঁর জন্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে?
যদি এই ব্যাপারে বোর্ডের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সবটা জানিয়েছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে শামিকে রাখা হয়নি পরিকল্পনার বাইরে। তিনি বলেন, “প্রায়ই আলোচনা হয় শামিকে নিয়ে। ও এমন একজন বোলার যাকে কখনোই পরিকল্পনার বাইরে রাখা যায় না। তবে ফিটনেস হল একটা বড় সমস্যা ওকে নিয়ে। ও প্রতিভাবান। এটা নিয়ে সন্দেহ নেই যে ও উইকেট তুলে দেবে। তাই এটা কখনোই বলা যাবে না যে ও আমাদের পরিকল্পনার বাইরে। ওকে হিসেবের মধ্যে ধরা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও। ওকে দলে দেওয়া যেতেই পারে অভিজ্ঞতা ও প্রতিভার কথা মাথায় রেখে। এমনকি ওকে ভাবা হতে পারে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপেও।”

