রোকোর অবসরের আসল কারণ জানালেন শার্দুল

রোকোর অবসরের আসল কারণ জানালেন শার্দুল

দেবজিৎ মুখার্জি: কেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এবার সেই ব্যাপারে নিজের বক্তব্য জানালেন দলের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। কি বললেন তিনি? মুম্বাইয়ের এই তারকা ক্রিকেটার জানান যে দুজনের মনে হয়েছে যে তাঁরা আর আগের মতো দাপট দেখাতে পারছেন না ও বোলারদের দাবিয়ে রাখতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে দুজনের অবর্তমানে এটি একটি বড় পরীক্ষা সকলের জন্য।

আর কিছুদিন পরই শেষ হবে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এরপরই দল যাবে ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে। ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গেছে। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে গুজরাট টাইটানস অধিনায়ক শুভমান গিলকে। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিলিয়ে নির্বাচকরা দল তৈরি করেছেন। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার না থাকা চিন্তায় ফেলেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে গিল কি পারবেন দুই তারকার অনুপস্থিতিতে দল সামলাতে।

পাশাপাশি আরও একটি প্রশ্ন যা এখনো সকল ক্রিকেটপ্রেমীর মনে ঘোরাফেরা করে, এটি হলো ঠিক কি কারনে রোহিত-বিরাট ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই নিজেদের মত প্রকাশ করেছেন এই ব্যাপারে। এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন দলের তারকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা পেয়েছেন তিনি। রেভ স্পোর্টসকে এক সাক্ষাৎকারে তিনি জানান তাঁদের অবসর নেওয়ার পেছনে আসল কারণ।

শার্দুল ঠাকুর বলেন, “দুজনেরই অভিজ্ঞতা প্রচুর। এমন সিদ্ধান্ত সর্বদাই ব্যক্তিগত হয়। কিন্তু কেউ তখনই এটা করে যখন তাদের মনে হয় যে আর তারা সেই আগের মতো দাপট দেখাতে পারছেনা বা বোলারদের ডমিনেট করতে পারছেনা।” এরপরই গিলকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, “সিনিয়র-জুনিয়র কম্বিনেশন রয়েছে। বোঝাপড়াও ভালো। এই পরীক্ষা সকলের। এই সুযোগ উঠতি ক্রিকেটারদের কাজে লাগাতে হবে। আমি মনে করি চ্যালেঞ্জ বলতে গেলে ইংল্যান্ডের আবহাওয়া।” এবার দেখার বিষয় যে গিলের নেতৃত্বে কেমন পারফর্ম করে দল। ভারত কি পারবে ইংল্যান্ডের মাটিতে জয় পেতে? কি হবে ফল? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *