দেবজিৎ মুখার্জি: “প্রথম দুইয়ে পাঞ্জাব কিংস থাকবে” আইপিএল শুরু হওয়ার মাস দুয়েক আগে এক পডকাস্টে এমনটাই জানিয়েছিলেন দলের তরুণ ক্রিকেটার শশাঙ্ক সিং এবং সেটা সত্যি হওয়ায় এখন সেই ভিডিও ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। এখানেই শেষ নয়, রীতিমতো কমেন্টের বন্যা বইছে কমেন্ট সেকশনে। সকলেই নিজেদের মতামত জানাচ্ছেন সেখানে। পাশাপাশি, শশাঙ্ক নিজেও নিজের অবস্থান জানান পুরোনো বক্তব্য প্রসঙ্গে। সবমিলিয়ে, এখন চারিদিকে এই ভিডিও এক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
চলতি আইপিএলে প্রথম থেকেই ভালো ক্রিকেট খেলার ফলে ‘প্লে-অফ’এ নিজেদের টিকিট পাকা করেছে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। এখানেই শেষ নয়, একেবারে ‘টপ টু’তে শেষ করেছে তারা। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর নিজেদের অবস্থা বেশ ভালো করতে সফল হয়েছে দল। সৌজন্যে প্রিয়াংশ আরিয়া ও জশ ইংলিসের দুর্দান্ত ব্যাটিং। বোলিং বিভাগও এই ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছে। দুটি করে উইকেট নিজেদের নামে করতে সফল হয়েছেন আর্শদীপ সিং, মার্কো ইয়ান্সেন ও বিজয়কুমার বিশাক। একটি উইকেট পান হারপৃত ব্রার। সবমিলিয়ে, এক দাপুটে জয় পায় পাঞ্জাব।
তবে পাঞ্জাবের পরিস্থিতি যে এমন হবে তা অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন দলের তরুণ ক্রিকেটার শশাঙ্ক সিং। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে এক পডকাস্টে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। শশাঙ্ক বলেছিলেন, “আমি এই দলের সঙ্গে যুক্ত বলে বলছিনা, কিন্তু পাঞ্জাব এবারে প্রথম চারে থাকবে। প্রথম দুইতে শেষ করবে। আমরাই শীর্ষে থাকবো। ১৪তম ম্যাচের দিন এটা আবার চালিয়ে দেবেন।” এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সঞ্চালক পাল্টা জানান যে এমনটা না হলে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হতে পারে। তা শুনে শশাঙ্ক বলেন, “অবশ্যই করবেন।”
এবার সেই ভবিষ্যদ্বাণী হলো ঠিক। লীগ তালিকার একদম শীর্ষস্থানে শেষ করল পাঞ্জাব কিংস। এটি হওয়ার পর শশাঙ্কের এই পুরনো ভিডিওটি চারিদিকে ছড়িয়ে পড়ে। সকলেই তরুণ ক্রিকেটারের এই আত্মবিশ্বাসের প্রশংসা করেন কমেন্টের মাধ্যমে। অনেকে দাবি করেন যে এবার পাঞ্জাবের হাতেই উঠবে আইপিএল ট্রফি। আবার অনেকে এমনটাও মনে করছেন যে বাকি দলগুলিও এক ইঞ্চি জমি ছাড়বেনা। পাশাপাশি, অনেকে এটাও লিখেছেন যে এই সাফল্যে ভেসে গেলে চলবেনা এবং ট্রফি জিতে দেখাতে হবে। সবমিলিয়ে, এখন গোটা ক্রিকেট মহলে শুধু শশাঙ্কই ঘোরাফেরা করছেন।
খোদ শশাঙ্ক নিজেও নিজের অবস্থান জানান এই ভবিষ্যদ্বাণী সফল হওয়ার পর। তিনি বলেছেন, “এটা সম্ভব এই বিশ্বাস আমাদের সর্বদা ছিল। আমি জানি কি বলেছিলাম আমি। শ্রেয়াসের সঙ্গে কথাও বলি। ও আমাকে জিজ্ঞেস করে যে বিশ্বাস করা ও করে দেখানোর মধ্যে পার্থক্য কোথায়? আগে শুধু বিশ্বাস করেছিলাম আর এখন করে দেখিয়েছি।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নিজেদের প্রথম আইপিএল খেতাব পেতে সফল হয় কিনা পাঞ্জাব।
