দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণ পরই এশিয়া কাপের মূল আকর্ষণ। একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলের ক্রিকেটারদের কাছেই ম্যাচটি একটি প্রেস্টিজ ফাইট এবং তা জেতার জন্য যে তাঁরা নিজেদের সবটা দিয়ে দেবে, তা না বললেও চলে। বলা ভালো, বেশ স্পষ্ট। এখন সকল ক্রিকেটপ্রেমীই অপেক্ষায় রয়েছেন কখন ঘড়িতে বাজবে রাত ৮টা।
তবে একশ্রেণীর মানুষ চাননি ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি হোক। পহেলগাও হামলার পর যা হয়েছে, তারপর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। অনেকেই তারপর থেকে বয়কটের ডাক দিয়েছিলেন। বহু প্রাক্তন তারকাও দাবি করেছিলেন যে ভারতের খেলা উচিত নয় পাকিস্তানের বিরুদ্ধে। যদিও বোর্ডের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে কেন ম্যাচটি খেলা গুরুত্বপূর্ণ।
এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্রের শিব সেনা (উদ্ধব শিবির)। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়ে দিলেন যে তাঁর দলের মহিলা কর্মীরা এর প্রতিবাদ জানাতে পথে নামবেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে প্রচারও করা হবে ম্যাচ বয়কটের দাবিতে। যদিও উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরেও প্রায় সাড়ে তিন দশক আগে ভারত বনাম পাক ম্যাচের প্রতিবাদ জানাতে ওয়ানখেড়েতে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে এসেছিলেন। তাঁর দল একাধিকবার সরব হয়েছে দুই দেশের মধ্যে ম্যাচের বিরোধিতায়।

