দেবজিৎ মুখার্জি: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার মুল্লানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করল সূর্যকুমার যাদবদের। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ৫১ রানের ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছেন এডেন মার্করাম ও তাঁর বাহিনী। এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তারা এগিয়েছিল ভারতের থেকে। অন্যদিকে টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারই তেমন দাগ কাটতে সফল হননি এই ম্যাচে তিলক বর্মাকে বাদ দিয়ে। ব্যাট হাতে তিনি এক অসাধারণ ইনিংস খেলেছেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক রূপ নেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তবে পঞ্চম ওভারের শুরুতে ব্যক্তিগত ৮ রানের স্কোরে প্যাভিলিয়নে ফিরে যান রিজা হেনড্রিক্স। এরপর একেক করে দলের অধিনায়ক এডেন মার্করাম ও ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে পার্টনারশিপ গড়েন ডি কক। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন তিনিই। অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হন। তিনি আউট হন ৯০ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় চার উইকেটে ২১৩। ভারতের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং একটি অক্ষর প্যাটেল।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। চার ওভারের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা অভিষেক শর্মা, শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদবের রূপে। অক্ষর প্যাটেলকে নিয়ে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তিলক বর্মা। তবে তা বেশিক্ষণ টেকেনি। দাগ কাটতে সফল হননি গত ম্যাচের সেরা খেলোয়াড় হার্দিক পান্ডিয়াও। তাঁকেও রান পেতে বেশ কষ্ট করতে দেখা গিয়েছে। মারকুটে ইনিংস খেলেন জিতেশ শর্মাও। তবে তা কাজে আসেনি। শেষ পর্যন্ত অন্তিম ওভারের শুরুতেই ১৬২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে চারটি উইকেট নেন বার্টম্যান এবং দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন এনগিডি, জ্যানসেন ও সিপামলা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কুইন্টন ডি কককে।

