দেবজিৎ মুখার্জি: বছর ঘুরলেই ভারত ও শ্রীলঙ্কায় খেলা হবে টি-২০ বিশ্বকাপ। এখন থেকেই কমবেশি সকল দল প্রস্তুতি চালু করে দিয়েছে। যদিও তার আগে এশিয়া কাপে খেলতে নামবে ভারত, পাকিস্তান ও শ্রীলংকার মতো টি-২০ বিশ্বকাপ জয়ী দলগুলি। কিন্তু গতবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ জিতলেও, এবার তা হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রাক্তন ক্রিকেটার বলেন, “এই দল নিয়ে আমরা খুব বেশি হলে এশিয়া কাপ জিততে পারবো। কিন্তু ২০ ওভারের বিশ্বকাপ জেতা সম্ভব নয়। এই দলকে কি নিয়ে যাওয়া যাবে বিশ্বকাপে? বিশ্বকাপ আর মাত্র ৬ মাস দূরে। আমরা কি বিশ্বকাপের প্রস্তুতি সারব এশিয়া কাপে এই দল নিয়ে?”
শ্রীকান্ত আরো বলেন, “নির্বাচকরা অতীতের পারফরম্যান্স দেখে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অক্ষরকে কেন জানিনা হঠাৎ সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। জানিনা কি করে সুযোগ পেল রিঙ্কু, শিবম, হর্ষিতরা। যদি আইপিএল মাপকাঠি হয় দল নির্বাচনের জন্য, তাহলে তো দেখছি আরো পিছনে চলে গিয়েছেন নির্বাচকরা আইপিএল ভুলে। আন্তর্জাতিক ক্রিকেট হোক কি আইপিএল, দুটোতেই অসাধারণ খেলেছে যশস্বী জয়েসওয়াল। ওর কথা ভাবাই হলো না অথচ।”

