দেবজিৎ মুখার্জি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে এশিয়া কাপ। ইতিমধ্যেই, দল ঘোষণা করা হয়ে গেছে ভারতের। চেনা মুখের মধ্যে বড় চমক দীর্ঘদিন পর শুভমান গিলের ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ফিরে আসা। এখানেই শেষ নয়, তাঁকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ব্যাট হাতে ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স করার ফল পান দলের নয়া টেস্ট অধিনায়ক এভাবে।
যদিও এই সবকিছুর মাঝে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সবাইকেই বেশ ক্ষুব্ধ করেছে শ্রেয়াস আইয়ারকে দলে জায়গা না দেওয়া। যেভাবে ব্যাট হাতে তিনি গত কয়েকমাস পারফর্ম করেছেন, তারপর অধিকাংশ ক্রিকেটপ্রেমীরই আশা ছিল যে আইয়ার সুযোগ পাবেন এশিয়া কাপে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এমনকি তাঁকে রাখা হয়নি স্ট্যান্ডবাইতেও।
ইতিমধ্যেই একাধিক প্রাক্তন তারকা এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। এবার নিজের সোশ্যাল মিডিয়া থেকে আইয়ারের বাদ পড়া নিয়ে মতামত জানালেন রবিন উথাপ্পা। কি বক্তব্য তাঁর? প্রাক্তন তারকা লেখেন, “পরবর্তী টি-২০ বিশ্বকাপের আগে প্রায় ১৮টি টি-২০ ম্যাচ বাকি রয়েছে। যেই শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাকে না রাখাটা অদ্ভুত ব্যাপার। তবে এক্ষেত্রে আশা করা যায় যে ও এই দলে সুযোগ পাবে। কারণ ও সেটার যোগ্য। আশা করি ওকে বাদ দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।”
