দেবজিৎ মুখার্জি: ২০ ওভারের ক্রিকেটে শুভমান গিল কামব্যাক করার পর থেকেই দেখে চলেছেন লাগাতার ব্যর্থতার মুখ। এখনো পর্যন্ত তেমনভাবে দাগ কেটে উঠতে সফল হননি টিম ইন্ডিয়ার নয়া টেস্ট ও একদিনের অধিনায়ক। যেমনটা আশা করা হয়েছিল তাঁর কাছ থেকে, তা তিনি করে দেখাতে পারেননি। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে গিলকে দিয়ে ওপেন করানো হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে টি২০তে। অনেকে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীরের টিম সিলেকশন নিয়েও।
এবার সেই প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুব্রামনিয়াম বদ্রিনাথ। সম্প্রচারকারী চ্যানেলে কমেন্ট্রি করার সময়ে তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেন সঞ্জুকে বাদ দেওয়া নিয়ে। তিনি দাবি করেন যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এত ভালো পারফর্ম করা সত্ত্বেও সঞ্জুকে বাদ পড়তে দেখা অত্যন্ত কষ্টকর। শুধু তাই নয়, গিলের পারফরম্যান্স নিয়েও নিজের অবস্থান জানান তিনি। প্রাক্তন ক্রিকেটারের মতে যখন গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে, তখন তাঁকে রান পেতেই হবে। পাশাপাশি, তিনি একপ্রকার সতর্ক করে এটাও বলেন যে প্রতিভার কোনও অভাব নেই দেশে।
সুব্রামনিয়াম বদ্রিনাথ বলেন, “টি২০ ক্রিকেটে তিনটি শতরান রয়েছে সঞ্জুর। আর কি চান আপনি? ও এমন একজন ক্রিকেটার, যাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না এত ভালো পারফর্ম করা সত্ত্বেও। সত্যিই কষ্টকর এমনটা দেখা। গিল সহ-অধিনায়ক। প্লেয়িং ইলেভেনে অধিনায়ক ও সহ-অধিনায়ক যেহেতু একমাত্র নিশ্চিত, হয়তো সেই কারণেই ও সুযোগ পাচ্ছে। যখন ওকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন ওকে তো রান পেতেই হবে। বুঝতে হবে ওকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, প্রতিভার কিন্তু কোনও অভাব নেই আমাদের দেশে।”
যদিও গিলকে লাগাতার ব্যর্থতা সত্বেও সুযোগ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীদের একাংশও। অনেকে মনে করছেন যে গিলের এত সুযোগ প্রাপ্য নয়। অনেকে আবার দলের হেড কোচ গৌতম গম্ভীরকে দোষারোপ করেছেন একদিনের ক্রিকেটে ঈশান কিষানের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, অনেকের আবার আশঙ্কা যে যশস্বী জয়েসওয়াল ও সঞ্জু স্যামসনের মতো প্রতিভাদের কেরিয়ারও শেষ হয়ে যাবে।

