নিউজ ডেস্ক: চোট উপেক্ষা করে একটি দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেললেন ঋষভ পান্থ। ১১২ বলে ৭৪ রান করেন তিনি। পাশাপাশি, ছুঁয়ে নেন ক্যাপ্টেন কুল এমএস ধোনির রেকর্ডও। যদিও তিনি কোন বোলারের বলে আউট হননি। তিনি ডাগাআউটে ফিরেছেন রান আউট হয়ে। তবে দিনের শেষে যেভাবে তিনি ইংল্যান্ডের বোলারদের আক্রমণ করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। এক কথায় বলতে গেলে, এখন সকলের মুখে শুধু পান্থের নাম ঘোরাফেরা করছে।
তবে এদিন যেভাবে ইংল্যান্ডের বোলিং বিভাগ পান্থকে বোলিং করছিলেন, তা দেখে ক্ষুব্ধ হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। তাঁর মতে, ৫৬ শতাংশ শর্ট বল করা হয়েছে তাদের তরফ থেকে এবং বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন চারজন ফিল্ডার। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এটিকে ক্রিকেট বলা যায় না। পাশাপাশি, তিনি এটাও মনে করেন যে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের এই বিষয়টার উপর নজর দেওয়া উচিত।
সানি বলেন, “শর্ট বল করা হয়েছে ৫৬ শতাংশ। বাউন্ডারিতে অপেক্ষায় ছিল ৪ জন ফিল্ডার। এটাকে ক্রিকেট বলেই আমি মনে করি না। ওভারে দুটো করে বাউন্সার আনা হয়েছিল যখন উইন্ডিজ বোলাররা শর্ট বল করতেন। ওদের শক্তি কমানোর জন্য করা হয়েছিল। এখন তো দেখছি এটা লাগাতার করা হচ্ছে। ৬টার বেশি ফিল্ডার থাকা উচিতই না লেগ সাইডে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান যদি এটা দেখে থাকেন, তাহলে আমি বলব এটার উপর যেন নজর দেওয়া হয়। ভবিষ্যতে যাতে এমনটা আর না হয়, সেটা দেখা উচিত।”

