নিউজ ডেস্ক: গতমাসে বন্ডি বিচে জঙ্গি হামলার ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল গোটা অস্ট্রেলিয়ায়। একাধিক মানুষ প্রাণ হারানোয়ে শোকের ছায়া নেমে এসেছিল গোটা দেশের উপর। তবে এমন পরিস্থিতিতে রোষের মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজাকে। তাঁকে ও তাঁর পরিবারকে দেওয়া হয় জঙ্গি তকমা। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার তিনি দেশের ক্রিকেটপ্রেমীদের রাগের মুখে পড়েছিলেন তাঁর ধর্ম ও পাকিস্তানি বংশোদ্ভুত পরিচয়ের জন্য।
তবে এবার খোয়াজা নিয়ে ফেললেন বড় সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী রবিবার অন্তিম টেস্ট খেলতে দেখা যাবে তাঁকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন এবং বিদায়বেলায় দিলেন একাধিক বার্তা। খোয়াজা সাফ জানান যে নিজের ধর্ম পরিচয় নিয়ে তিনি গর্বিত। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করলেন যে অজি ক্রিকেটে রয়েছে জাতিবিদ্বেষ এবং এমন ব্যবহার দেশের অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে হতে দেখেননি।
খোয়াজা বলেন, “খুবই খুশি অস্ট্রেলিয়ার হয়ে যেভাবে খেলতে পেরেছি। আমি এক গর্বিত মুসলিম, পাকিস্তানের এক কৃষ্ণাঙ্গ ছেলে। আমাকে বলা হয়েছিল যে আমি অস্ট্রেলিয়ার হয়ে কোনদিন খেলতে পারবো না। কিন্তু সকলে দেখুক আজ আমি কোথায় পৌঁছেছি।” এরপরই অজি ক্রিকেটে জাতিবিদ্বেষর কথা বলেন। তারকা ক্রিকেটার বলেন, “এখনো এখানে বেশ জাতিবিদ্বেষ রয়ে গিয়েছে। কখনো এমন ব্যবহার হতে দেখিনি অস্ট্রেলিয়ার অন্য কোন ক্রিকেটারের সঙ্গে।” আসলে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খোয়াজা অ্যাডিলেডে দল থেকে বাদ পড়ার পরই নিয়ে ফেলেছিলেন। তাই সিডনিতে খেলেই বিদায় জানাবেন।
যদিও অজি তারকার এভাবে সরে দাঁড়ানোতে দুঃখ পেয়েছেন সেই দেশের বহু ক্রিকেটপ্রেমীরা। অনেকে মনে করছেন যে তাঁর মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে দেশকে দেওয়ার জন্য। এবার দেখার বিষয় যে নিজের অন্তিম টেস্টে তিনি ব্যাট হাতে কেমন পারফর্ম করেন। শেষবার কি বড় কিছু করতে পারবেন? এই প্রশ্নই যে এখন ঘোরাফেরা করছে সেই দেশের ক্রিকেটমহলে, তা বলাই বাহুল্য।
