নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। পঞ্চম, তথা সিরিজের অন্তিম ম্যাচ, বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তা ২-১ ফলাফলে নিজের ঝুলিতে তুলে নিলো ভারতীয় ক্রিকেট দল। ভারতের এই সিরিজ জয়ে খুশি দেশের সকল ক্রিকেটপ্রেমী। তবে এবারও এশিয়া কাপের পর সিরিজে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা অভিষেক শর্মা। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান তিনি কতটা এক্সাইটেড ছিলেন অস্ট্রেলিয়ায় খেলা নিয়ে। এখানেই শেষ নয়, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশও করেন তিনি।
অভিষেক শর্মা বলেন, “এই টুর্নামেন্টের অপেক্ষায় ছিলাম আমি। যখন আমি জানতে পারি যে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি টি-২০ খেলতে, তখন আমি খুব এক্সাইটেড ছিলাম। নিজের ক্যারিয়ারের এই পর্যন্ত আমি দেখেছি যে অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য কতটা ভালো। তবে আমার মনে হয় যে আমরা আরও অনেক ভালো টোটাল পেতে পারতাম মাঝে।” হেজেলউডের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, “যেভাবে ও বোলিং করেছে, সেটা যে কোনও দলের জন্য ভালো। আমি আগেও বলেছি যে আমি ব্যাটার ও বোলারের ব্যাটেলটা খুব পছন্দ করি। ও ওয়ার্ল্ড-ক্লাস বোলার। যদি আপনি ভাল ক্রিকেট খেলতে চান, তাহলে এই ধরনের বোলারদের ফেস করতে হবে। আমি এই ধরনের বোলারদের জন্য প্র্যাকটিস করছিলাম।”
পাশাপাশি, আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলা নিয়েও অভিষেক নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “ওটা বড় টুর্নামেন্টের মধ্যে একটা। যদি আমি ওই বিশ্বকাপ খেলি, তাহলে সেটা ড্রিম কাম ট্রু মোমেন্ট হবে। যখন আমি ছোট ছিলাম, তখন আমি এটার স্বপ্ন দেখেছি – বিশ্বকাপ জেতা ও দেশের জন্য ম্যাচ জেতা। নিজেকে প্রস্তুত করে রাখবো টুর্নামেন্টের জন্য।” প্রসঙ্গত, পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। পঞ্চ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ ওভার শেষ হওয়ার আগে ভারতের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৫২। এরপরই বৃষ্টি আসে এবং একবারের জন্যও বল গড়ায় না।
