দেবজিৎ মুখার্জি: আইপিএল শেষ হওয়ার পর এই প্রথম মুখ খুললেন ১৪ বছর বয়সী রাজস্থান রয়েলসের তরুণ তারকা বৈভব সূর্যবংশী। কি বললেন তিনি? বৈভবের বক্তব্য, সদ্য শেষ হওয়া মরশুমে যেমন খেলেছেন, আগামী মরশুমে ওর চেয়ে ভালো খেলতে হবে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে এমনভাবে খেলতে হবে যাতে দল ফাইনালে ওঠে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে আগামী মরশুমে আরো ভালো পারফর্ম করার দিকে মন দিচ্ছেন।
সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করেছিলেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিশেষ করে গুজরাটের বিরুদ্ধে তাঁর ৩৮ বলে ১০১ রানের ইনিংস মন জয় করেছে সকল ক্রিকেটপ্রেমীর। ৮ থেকে ৮০, সকলে আইপিএল শেষ হওয়ার পরও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ এবং দাবি করেছেন যে লাগাতার ভালো পারফর্ম করতে পারলে কিছুদিন পর তিনি জাতীয় দলে সুযোগ পাবেন।
এবার আইপিএলের পর প্রথমবার নিজের বক্তব্য রাখলেন বৈভব। আইপিএলের ওয়েবসাইটে তাঁকে বলতে শোনা যায় যে এই টুর্নামেন্ট খেলার স্বপ্নের কথা। পাশাপাশি, আগামী দিনে তাঁর লক্ষ্য কি বা কিসের উপর মন দিচ্ছেন, সেগুলিও বলতে শোনা যায় তাঁকে। এছাড়াও আগামী মরশুমের কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েও নিজের বক্তব্য রাখেন বৈভব। অবশেষে তিনি জানান অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড সফরের কথা। সবমিলিয়ে, বৈভবের এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে।
বৈভব বলেন, “সকল ক্রিকেটারেরই আইপিএল খেলার স্বপ্ন থাকে। আমার প্রথম মরশুম ছিল এটা। অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। আসল শিক্ষা এটাই যে এবার যা করি না কেন, পরেরবার এর চেয়ে ভালো পারফর্ম করতে হবে। শুধু ভালো নয়, দ্বিগুণ ভালো করতে হবে যাতে দল ফাইনালে ওঠে। তাই যতটা সম্ভব অবদান রাখতে চাই। মন দিতে চাই এই ব্যাপারে। আগামী মরশুমে দলের জন্য আরো কিছু ভালো করার চেষ্টা করব।”
তিনি আরো বলেন, “অনেক কিছু শেখার আছে আমার এখনো। কিছু জায়গা ঠিক করতে হবে আমায়। যেখানে ভুল করছি, সেগুলির উপর আরো বেশি পরিশ্রম করতে হবে। ইংল্যান্ডে প্রথমবার যাচ্ছি। নতুন প্রতিযোগিতা এটা এবং নতুন অভিজ্ঞতা। ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছি। সিরিজ জিতেই ফিরতে চাই ওখান থেকে।” এবার দেখার বিষয় যে বৈভব যা বললেন, শেষ পর্যন্ত তিনি সেটা করে দেখাতে পারেন কিনা। ভারতের অনূর্ধ্ব-১৯ দল কি ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফিরবে? তা বলবে সময়।

