“দুজনেই জানতাম এটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ” কোহলির সঙ্গে আলিঙ্গন প্রসঙ্গে জানালেন রোহিত

“দুজনেই জানতাম এটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ” কোহলির সঙ্গে আলিঙ্গন প্রসঙ্গে জানালেন রোহিত

দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ও ক্ষুদ্রতম, দুই ফরম্যাট থেকেই একসাথে বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই মুহূর্তে তাঁরা খেলছেন শুধুমাত্র ৫০ ওভারের ক্রিকেট। একসঙ্গে একাধিক খুশির ও হতাশাজনক মুহূর্তের সাক্ষী হয়েছেন দুজনে। বলা ভালো, ভারতীয় ক্রিকেটকে এক অন্যমাত্রায় নিয়ে যাওয়ার পেছনে দুজনের অবদান চরম। শুধু তাই নয়, আজও দুজনে যে লেভেল অফ ক্রিকেট খেলে যাচ্ছেন, তা এক বড় উদাহরণ উদীয়মান ক্রিকেটারদের জন্য। এক কথায় বলতে গেলে, দুজনে এখন বহু তরুণ ক্রিকেটারের কাছে ইনস্পিরেশন। 

রোহিত ও বিরাট, দুজনেই ২০১৩ সালে জয়ী চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন। তবে দুজনের কাছে সবচেয়ে বেশি আনন্দময় মুহূর্ত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। এবার এই ব্যাপারে এক সাক্ষাৎকারে কিছু কথা তুলে ধরলেন হিটম্যান, অর্থাৎ রোহিত শর্মা। জয়ের পর রোকো একে অপরকে জড়িয়ে ধরেন। সেই আলিঙ্গনের মুহূর্তটি নিয়ে আইসিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কিছু বক্তব্য জানান রোহিত। তাঁর বক্তব্য, সেই দলে তাঁরা দুজনে সিনিয়র ছিল এবং তাই তাঁদের দুজনের উপর চাপটাও প্রচন্ড ছিল। এখানেই শেষ নয়, সেটি শেষ বিশ্বকাপ জেনে মনের কি অবস্থা ছিল, তাও তুলে ধরেন। 

রোহিত শর্মা বলেন, “দলকে যাতে জেতাতে পারি তাই আমাদের দুজনের উপর প্রত্যাশার প্রচুর চাপ ছিল। বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতা নিয়ে কোন খিদে বা ইচ্ছা ছিল না, তা আমি বলছি না। সিনিয়র শব্দটা ব্যবহার করার ইচ্ছা খুব একটা নেই, তবুও বলছি যে সেই দলে সবচেয়ে সিনিয়র আমরা দুজনেই ছিলাম। আমরা দুজন একসাথে অনেক খেলেছি। শুধু আইপিএলে একসাথে খেলিনি। যখন ও দলে আসে, তখন আমার মাত্র এক বছর হয়েছে। ওই বিশ্বকাপের আগে আমরা বহু হতাশার সাক্ষী থেকেছি, বিশেষ করে বিশ্বকাপে। আমরা দুজনেই জানতাম এই টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।” হিটম্যান নিজের বক্তব্যের মাধ্যমে বোঝান যে স্বপ্ন সফল হাওয়ায় দুজনে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *