দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হওয়ার পর বাংলায় খেলার উন্নতির জন্য একের পর এক কাজ করে চলেছেন অরূপ বিশ্বাস। এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য কলকাতা লিগের খেলা কলকাতায় ফিরিয়ে আনা এবং এর জন্য তিনি ইতিমধ্যেই কথা বলে ফেলেছেন হকি বেঙ্গলের সভাপতির সঙ্গে। কিন্তু প্রশ্ন উঠছে যে যদি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান মাঠে হকি না হয়, তাহলে কি হবে?
এর উত্তর বৃহস্পতিবার দিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি জানিয়ে দিয়েছেন যে নিজস্ব অ্যাস্ট্র্যোটার্ফ স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে হকি বেঙ্গলের। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে সেটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তবে এর সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে যে কোথায় তৈরি হচ্ছে হকি স্টেডিয়াম। এর জবাবও দিয়েছেন অরূপ বিশ্বাস।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী বলেন, “আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের কাছে। এখানে একসাথে বসে খেলা দেখতে পারবেন একুশ হাজার দর্শক। কোথাও এই মানের হকি স্টেডিয়াম নেই আমাদের দেশে। পাশাপাশি, তিনি আরো জানিয়েছেন, “তাছাড়া হাওড়ার ডুমুরজোলাতেও স্টেডিয়াম তৈরি হচ্ছে। আশা করছি এই দুই স্টেডিয়াম পূরণ করবে বাংলার হকির দীর্ঘদিনের চাহিদা।”

