দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফুটবলের সঙ্গে বাঙ্গালীদের আবেগ কতটা জড়িয়ে, তা বেশ ভালো করেই বোঝা যায় ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের তারিখ এলে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একশ্রেণীর ফুটবলপ্রেমীরা এই দিনটি উদযাপন করেন অন্যরকমভাবে। বলা ভালো, তাঁদের উন্মাদনা যেন অন্য মাত্রায় পৌঁছে যায়। পাশাপাশি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শুরু হয় পোস্টের বন্যা। এক কথায় বলতে গেলে, লাল-হলুদে ভরে যায় গোটা বাংলা।
প্রত্যেক বছরের মতো এবারও পালন করা হলো ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। শুক্রবার ১০৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ক্লাবের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আরো একাধিক ব্যক্তি। ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষও। এদিন বহু ফুটবলেরকে বিভিন্ন সম্মানে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, ভারত গৌরব সম্মান দেওয়া হয় কিংবদন্তি হকি তারকা পি আর শ্রীজেশকে।
এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, “আমি মোহনবাগানের সমর্থক হলেও তিন প্রধানের তত্ত্বে বিশ্বাসী। ফুটবলের আসল মজাটা থাকবে কোথায় যদি মোহনবাগান ইস্টবেঙ্গল কেনা হারায় বা ইস্টবেঙ্গল মোহনবাগানকে না হারায়? দুই ক্লাব একে অপরের পরিপূরক। স্বাধীনতার লড়াইয়ের প্রতীক যদি মোহনবাগান হয়, তাহলে সংগ্রামের প্রতীক ইস্টবেঙ্গল। এগিয়ে চলুক বাংলার ফুটবল, বাঙালির ফুটবল।”

