নিউজ ডেস্ক: এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে গত লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার পরাজয়। যেভাবে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে দলের, তা দেখে মন ভেঙেছে অনেকের। বহু ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা এই হার নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, প্লেয়িং স্ট্র্যাটেজি নিয়েও বহু প্রশ্ন উঠেছে। অনেকে এমনটাও দাবী করেছেন যে ভুল দল নির্বাচনের জন্য পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলকে।
যদিও লর্ডস টেস্টের পর সকলের চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থের চোট পাওয়া। যেভাবে স্টাম্পের পিছনে কিপিং করতে গিয়ে তিনি নিজের হাতে আঘাত পান, তা চিন্তা ধরিয়েছে সকলের মনে। যদিও ব্যাট হাতে তিনি বেশ ভালোই পারফর্ম করেছেন, কিন্তু তা সত্ত্বে আসন্ন ম্যানচেস্টার টেস্টে কি হবে, তাঁকে খেলানো হবে কি হবে না, তা নিয়ে এখন থেকেই চিন্তায় রয়েছেন দলের ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট সকলেই।
এবার এই ব্যাপারে নিজের অবস্থান জানালেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। প্রাক্তন ক্রিকেটারের মতে সেরকম গুরুতর অবস্থা হলে পান্থের ফেলাই উচিত নয়। তিনি বলেন, “উইকেট কিপিং করার বদলে যদি ও ফিল্ডিংও করে, তাহলেও চোট পাওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে এবং সেটা যদি হয় তাহলে আরো বড় সমস্যা হবে। বরং গ্লাভস থাকলে তবু ভালো। তাই ওকে খেলতে হবে কিপার ব্যাটার হিসেবে। যদি তেমনটা সম্ভব না হয়, তাহলে ওর খেলাই উচিত না। বরং এই সময়টা কাজে লাগানো উচিত নিজেকে ওভালের জন্য তৈরি করতে।”
