নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কেন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়নি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জাসপ্রিত বুমরাহকে? এবার সেই ব্যাপারে জানালেন বুমরাহ নিজেই। তারকা পেসার জানান যে তিনি বিসিসিআইকে বলেছিলেন যে তিনি নেতৃত্ব দিতে চান না কারণ সবকটি ম্যাচ খেলতে পারবেন না বলে। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে নিজের চেয়ে বেশি দলকে প্রাধান্য দেন।
আর দুদিন পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। গোটা দলের কাছে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে দলের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমান গিলের কাছে। কারণ এই সিরিজ জিতলেই তিনি নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করতে পারবেন। পাশাপাশি, দলের অন্যান্য ক্রিকেটারদের কাছেও এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। শুধু দলের জয়ের জন্যই নয়, জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করার জন্যও সকলে নিজেদের সেরাটা দিতে মরিয়া।
তবে সিরিজ শুরুর আগে বিতর্ক তৈরি হয় দলের অধিনায়ক বাছা নিয়ে। অনেকে মনে করেছিলেন যে গিলকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত। আবার অনেকে আশায় ছিলেন যে বুমরাহ অধিনায়কত্বের দায়িত্ব পাবেন। বলা ভালো, একটা বুমরাহ বনাম গিল পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। অবশেষে যদিও নির্বাচকরা গিলকেই দায়িত্ব দেয় দল সামলানোর। কিন্তু তারপর অনেকেই এই সিদ্ধান্তে প্রশ্ন তোলা শুরু করেন এবং দাবি করেন যে বুমরাহ অনেক বেশি অভিজ্ঞ গিলের থেকে।
এবার এই ব্যাপারে নিজের বক্তব্য তুলে ধরলেন বুমরাহ। তিনি জানান যে নেতৃত্বের দায়িত্ব তিনি নিজেই নিতে চাননি। বুমরাহ বলেন, “আইপিএল চলাকালীন আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলি। আমি চিকিৎসকদের সঙ্গেও কথা বলি। সেখান থেকে আমি সিদ্ধান্ত নি যে একটু বুদ্ধি করে খেলতে হবে। আমি বোর্ডকে বলি যে আমি ক্যাপ্টেনসির কথা ভাবছি না কারন আমি সবকটি টেস্ট খেলতে পারবো না। যে সব ম্যাচ খেলতে পারবে তাকেই অধিনায়ক করা হোক। আমি নিজের চেয়ে বেশি দলকে প্রাধান্য দি।” এবার দেখার বিষয় যে গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে জয় পায় কিনা।
