দেবজিৎ মুখার্জি: টিম ইন্ডিয়া! এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয়ও বলা যায়। এই দল নিজের ভক্তদের একাধিক খুশির মুহূর্ত দিয়েছেন, আবার অনেক সময়ে তাদের ভক্তদের চোখ থেকে জলও বেরিয়েছে। ‘মেন ইন ব্লু’ যে একাধিক হ্যাপি মোমেন্টস দিয়েছেন, তার মধ্যে অন্যতম ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়। আজও দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে রয়েছে ধোনির সেই ছক্কা।
তবে এই বিশ্বকাপের বিশেষ চমক ছিল ফাইনালে ফর্মে থাকা যুবরাজ সিংয়ের পরিবর্তে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নামা। গৌতম গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। গম্ভীর আউট হওয়ার পর যুবরাজ সিংকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান মাহি। এখনো সকলের কানে লেগে রয়েছে সেই জনপ্রিয় “ধোনি ফিনিশেষ অফ ইন স্টাইল”।
কিন্তু ধোনির সেই জায়গায় নামার পেছনে নাকি বুদ্ধি ছিল শচীনের। এমনটাই দাবি করেছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। এবার সেই বিষয়ে শচীনকে প্রশ্ন করা হয় রেডিট সমাজমাধ্যমে। তাতে তিনি উত্তর দেন, “দুটো কারণ – প্রথমত ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে খেললে সমস্যায় ফেলা যাবে ওদের দুই স্পিনারকে। এছাড়া ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত চেন্নাই সুপার কিংসে খেলেছেন মুরলীধরন এবং তিনবছর ধরে নেটে ওকে খেলেছে এমএস।”
