নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান সহ কয়েকটি দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছে ৯ তারিখের। শুরু হচ্ছে এশিয়া কাপ। সকলেই জোরদার টি-২০ ক্রিকেট দেখার জন্য অপেক্ষা করছেন। ট্রফিকে ‘বুল্স আই’ করে জোরদার অনুশীলন চালাচ্ছেন প্রতিটা দলের ক্রিকেটাররা। ঘন্টার পর ঘন্টা নেটে প্র্যাকটিস করছেন সকলে। সকলের লক্ষ্য একটাই আর সেটা হল নিজেদের দেশের জন্য ট্রফি তোলা।
যদিও এশিয়া কাপের একটা বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেটি হল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার সিদ্ধান্ত। পহেলগাঁও হামলার পর যখন গোটা দেশ তাদের বয়কট করার ডাক দিয়েছে, তাহলে ক্রিকেটের মাঠে এমন নিয়ম কেন। এবার বিষয়টি পরিষ্কার করলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানালেন কেন ম্যাচটি খেলা জরুরি। পাশাপাশি, না খেললে কি হতে পারে, সেটিও তিনি জানিয়ে দেন।
দেবজিৎ সাইকিয়া বলেন, “আমরা সেই সব নির্দেশ মেনে চলব, যা আমাদের দেবে কেন্দ্র সরকার। বহুদেশীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোন নিষেধাজ্ঞা নেই। যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খেলতেও কোন অসুবিধা নেই। তাই ভারতকে সেখানে খেলতে হবে সব ম্যাচ। আইসিসি বা এশিয়া কাপে আমাদের খেলতে হবে, যেহেতু অনেক দেশ অংশগ্রহণ করে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে তা নয়।” এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে যদি টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে না খেলে এশিয়া কাপে, তাহলে চাপানো হতে পারে নিষেধাজ্ঞা।

