সমালোচনা থেকে বাঁচতেই কি চোটকে ঢাল? গিল নিয়ে চলছে সাসপেন্স

সমালোচনা থেকে বাঁচতেই কি চোটকে ঢাল? গিল নিয়ে চলছে সাসপেন্স

দেবজিৎ মুখার্জি: বর্তমানে শুভমান গিল ও চোট সমস্যা যেন একসাথে চলছে। ঘাড়ে চোট পাওয়ার জেরে টেস্ট ও একদিনের সিরিজ থেকে বাদ পড়েন টিম ইন্ডিয়ার এই দুই ফরম্যাটের নয়া অধিনায়ক। এবার তাঁকে গ্রাস করল গোড়ালির চোট। লখনৌ ম্যাচে নামার আগে অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পান শুভমান, যেই কারণে তাঁকে চতুর্থ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অতিরিক্ত দূষণের কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। তবে এবার প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ তাঁকে আহমেদাবাদের ম্যাচেও দেখা যাবে কিনা।

২৪ ঘন্টা কেটে গেলেও এখনো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, আঘাত ঠিক কতটা গুরুতর, তা বোঝা সম্ভব হবে স্ক্যান করার পর। তবে দেশের ক্রিকেটপ্রেমীরা অবশ্য গোটা বিষয়টিকে এক অজুহাত হিসেবে দেখছেন। যেহেতু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কামব্যাক করার পর ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি গিল, তাই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে চোটকে ঢাল করা হচ্ছে না তো গিলকে সমালোচনা থেকে দূরে সরিয়ে রাখার জন্য। অনেকে অবশ্য সেটাই মনে করছেন। এমনিতেও গিল ফেরার পর যেভাবে ব্যাটিং করেছেন, তা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও গিল দলের সঙ্গে বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছেছেন।

বিসিসিআইয়ের এক সূত্র (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) এই ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে চতুর্থ ম্যাচের আগে নেটে ব্যাট করতে গিয়ে গোড়ালিতে চোট পান গিল এবং এর জন্য বেশ যন্ত্রণায় ছিলেন এবং খুঁড়িয়ে হাঁটছিলেন। তবে আহমেদাবাদে তাঁকে দেখা যাবে কিনা প্লেইং একাদশে, তা এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে দেখার যে গিল সিরিজের অন্তিম ম্যাচটি খেলেন কিনা। যদি তিনি না খেলেন, তাহলে কে সেই জায়গাটি নেবে? তাহলে কি ফের ওপেন করতে দেখা যাবে সঞ্জু ও অভিষেককে? এমন একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমীদের সহ গোটা ক্রিকেটমহলের মধ্যে। তবে সব জানা যাবে আর কিছুক্ষণ পর।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *