চর্চায় ঋতুরাজ! টিম ম্যানেজমেন্টের আস্থা থেকে বিরাটের টিপস, দেখা যাবে প্রথম ম্যাচে?

চর্চায় ঋতুরাজ! টিম ম্যানেজমেন্টের আস্থা থেকে বিরাটের টিপস, দেখা যাবে প্রথম ম্যাচে?
Mohali: India's Ruturaj Gaikwad plays a shot during the first ODI cricket match between India and Australia, in Mohali, on Friday, September 22, 2023. (Photo: IANS/Raj Kumar)

দেবজিৎ মুখার্জি: আর ঠিক ২৪ ঘণ্টা পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে পরাজিত হওয়ার পর এখন দলের প্রধান লক্ষ্য প্রোটিয়াদের পরাজিত করে ফের ঘুরে দাঁড়ানো। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজেও বিশ্রীভাবে মার্করাম-বাভুমাদের হাতে পরাজিত হয়েছে দল। এমন পরিস্থিতিতে সিরিজ জয়ের চেয়েও এটি হয়ে উঠেছে মানসম্মানের লড়াই। 

তবে এর সঙ্গে এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক করা ঋতুরাজ গায়েকওয়ার। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের অন্যান্য ক্রিকেটাররা, সকলেই তাঁর উপর ভরসা দেখাচ্ছেন। তার উপর বিরাট কোহলির সঙ্গে নেটে ব্যাটিংয়ের সময় কথাবার্তা বলা এই মুহূর্তে এই প্রশ্নও জন্ম দিয়েছে যে তাঁকে প্রথম একাদশে দেখা যাবে কিনা। বিস্তারিতভাবে বলতে গেলে, দেশের ক্রিকেটপ্রেমীদের মনে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কিনা। 

জাতীয় দলের জার্সিতে প্রায় বছর দুয়েক আগে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়েকওয়ার। খেলার ক্ষুদ্রতম ফরম্যাট টি২০তে তাঁকে শেষবার দেখা গিয়েছিল প্রায় দেড় মাস আগে। এবার বহুদিন পর তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। সুতরাং অনেকেই মনে করছেন যে তাঁর মনোযোগ থাকবে সুযোগ কাজে লাগানোর উপর। টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মরকেল পর্যন্ত তাঁর উপর আস্থা দেখিয়েছেন এবং দাবি করেছেন যে দেশকে গর্বিত করবেন সিএসকে তারকা।

তবে এই সবকিছুর মাঝে যেই বিষয়টি সকলের দৃষ্টি বেশ আকর্ষণ করেছে, সেটি হল অনুশীলন চলাকালীন বিরাট কোহলির সঙ্গে ঋতুরাজ গায়েকওয়ারের কথা বলা। এই দৃশ্যটি চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ভাইরাল হতেই ক্রিকেটপ্রেমীদের মনে জন্মেছে একাধিক প্রশ্ন। অনেকে অনেকরকম কথা বলছেন। কারোর মতে, ঋতুরাজকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত। শুধু তাই নয় একাংশ আবার মনে করছেন তাঁর ওপেন করা উচিত রোহিত শর্মার সঙ্গে। কেউ আবার মনে করছেন যে সুযোগ দেওয়া উচিত যশস্বী জয়েসওয়ালকে। এক কথায় বলতে গেলে, একদিনের সিরিজ শুরুর আগে এটি হয়ে উঠেছে এক চর্চার বিষয়। 

বলে রাখা ভালো, জাতীয় দলের ডাক পেয়ে বেশ খুশি হয়েছেন ঋতুরাজ গায়েকওয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তরুণ তারকাকে তাঁর অবস্থান জানাতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, “দলে ফিরে আমি খুশি এবং মুখিয়ে রয়েছি আরো খেলার জন্য।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে কিনা বা তিনি রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *