দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, যা দেখে চমকে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। বলা ভালো, মন ভেঙ্গেছিল তাঁর ভক্তদের। এই মুহূর্তে তিনি একটি মাত্র ফরম্যাট খেলতে পারবেন এবং সেটা ওডিআই ক্রিকেট। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। যদিও নির্বাচকরা তাঁকে নিয়ে এখনো সংশয় রয়েছেন। তার উপর রয়েছে সমালোচনা।
এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং। কি বললেন তিনি? তাঁর বক্তব্য, “অনেক বাজে কথা হচ্ছে রোহিতকে নিয়ে। বোর্ডের উচিত ওকে রাজি করানোর যাতে ও আরো পাঁচ বছর খেলে। সেই দক্ষতা ওর আছে। চাইলে ও খেলতে পারবে ৪৫ বছর বয়স পর্যন্ত।” এরপর ট্রোলার ও সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, “লজ্জা করে না তোমাদের? এসব বলার আগে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে দেখাও। যাদের অভিজ্ঞতা নেই, তারা কি করে এমন মন্তব্য করতে পারে?”
উল্লেখ্য, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত জেতার পরই ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসর নেন রোহিত। তারপর হঠাৎ টেস্ট থেকে তাঁর অবসর নেওয়া জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের। অনেকেই মনে করছেন যে তিনি মন থেকে অবসর নিতে চাননি, বরং বাধ্য করা হয়েছে অবসর নিতে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত রোহিতের ভবিষ্যৎ কি হয় ওডিআই ক্রিকেটে।
