“নেটে দীর্ঘ অনুশীলন করেছি” ম্যাচ জিতে বক্তব্য ক্লাসেনের 

“নেটে দীর্ঘ অনুশীলন করেছি” ম্যাচ জিতে বক্তব্য ক্লাসেনের 

দেবজিৎ মুখার্জি: “নেটে দীর্ঘ অনুশীলন করেছি” ম্যাচ জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিক ক্লাসেন। প্রোটিয়া তারকার মতে তিনি মাঝেমাঝে নিজেকে চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, তিনি এটাও জানান যে উপরে এসে ব্যাটিং করতে পছন্দ করেন কিনা। এই প্রসঙ্গে ক্লাসেন জানান যে পঞ্চম থেকে সপ্তম ওভারের মধ্যে তিনি ব্যাটিং করতে আসা পছন্দ করেন। তবে এটাও পরিষ্কার করে দেন যে কখনো পরিকল্পনা কাজে লাগে এবং কখনো লাগেনা।

রবিবার, ২৫শে মে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে একেবারে পাহাড়ের মতো রান করে অরেঞ্জ আর্মি। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ২৭৮। সৌজন্যে ক্লাসেনের ৩৯ বলে ১০৫ এবং ট্র্যাভিস হেডের ৪০ বলে ৭৬ রানের ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে ১৬৮ রানে শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। দলের কোন ব্যাটারই অর্ধশতরানের গন্ডি ছুঁতে পারেননি। বলা যায়, একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায় নাইটদের ব্যাটিং অর্ডার।

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় অরেঞ্জ আর্মির উইকেটরক্ষক ব্যাটার হেনরিক ক্লাসেনকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দলের জয় এবং নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। প্রোটিয়া তারকা জানান নেটে নিজের অনুশীলনের কথা। পাশাপাশি, কিভাবে ক্রিজে এসে নিজের ইনিংস গুছিয়েছিলেন, সেই ব্যাপারেও বক্তব্য রাখেন। এছাড়াও ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ জানান এক অসাধারণ ছুটির জন্য। সবমিলিয়ে, এবারের আইপিএল অভিযান ভালোভাবে শেষ করে বেশ খুশি হয়েছেন ক্লাসেন।

তিনি বলেন, “লেন্থ পিক করা নিয়ে আমাকে অনেক খাটতে হয়েছে। আমাকে নেটে দীর্ঘ সময় কাটাতে হয়েছে এটাকে নিখুঁত করার জন্য। কখনো কখনো আমি নিজেকে অতিরিক্ত চ্যালেঞ্জ করে ফেলি। তবে সেটাই গড়ে ওঠার একটা অংশ।” এরপরই ক্লাসেনকে প্রশ্ন করা হয় যে তিনি উপরে এসে ব্যাটিং করা পছন্দ করেন কিনা। সেই ব্যাপারে প্রোটিয়া তারকার বক্তব্য, “ইউসুয়ালি আমরা দ্রুত উইকেট হারাই। আজকের ম্যাচে আমরা ভালো স্টার্ট পেয়েছিলাম। সাধারণত পঞ্চম থেকে সপ্তম ওভারের মাঝে আমি ব্যাটিং করতে আসা পছন্দ করি। কখনো যা পরিকল্পনা করি, তা কাজে লাগে আবার কখনো সেগুলো সফল হয়না।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *