দেবজিৎ মুখার্জি: “উনি আমাকে উন্নতি করতে সাহায্য করেছেন”! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার প্রসঙ্গে এমনটা জানালেন চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে নিয়ে এমন মন্তব্য করলেন তরুণ প্রোটিয়া ক্রিকেটার। তিনি জানালেন যে এবি তাঁকে তাঁর উন্নতি করতে সাহায্য করেছেন, তবে ব্রেভিস নিজের পরিচিতি নিজে তৈরি করতে চান। এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে আরো একটি মন্তব্য করেন তিনি। ব্রেভিসের বক্তব্য, ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করায় তিনি সম্মানিত বোধ করছেন।
রবিবার, ২৫শে মে, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হোম টিম গুজরাট টাইটানসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে একেবারে রানের পাহাড় গড়ে তারা। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ব্যাটিং বিভাগ এবং এর জেরে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৩০। জবাবে রান তাড়া করতে নেমে ১৪৭ রানে শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস। বলতে গেলে, এদিন শুভমান গিল ও তাঁর বাহিনী রীতিমতো মাথানত করতে বাধ্য হয়েছেন সিএসকের বোলারদের সামনে। বেশ হিমশিম খেয়েছে তারা রান করতে।
তবে এদিনের ম্যাচে দলের জয়ের থেকে সিএসকের সমর্থকদের দৃষ্টি বেশি আকর্ষণ করে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ইনিংস। মাত্র ২৩ বল খেলে তিনি করেন মোটু ৫৭ রান, যার মধ্যে রয়েছে চারটি চার এবং পাঁচটি ছয়। অর্থাৎ ৪৬ রান আসে চার-ছয় থেকেই। এমন দুর্দান্ত ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। বলতে গেলে, সকলেই এই মুহূর্তে ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে মনে করছেন যে আগামীদিনে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন।
এখানেই শেষ নয়, বহু ক্রিকেটপ্রেমী আছেন যাঁরা রীতিমতো এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের তুলনা করছেন। যেহেতু তিনি এমন একটি অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলের জয়ে বড় অবদান রেখেছেন, সেই কারণে তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রেভিসকে প্রশ্ন করা হয় ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনার বিষয়। সেই প্রশ্নের উত্তরে তরুণ প্রোটিয়া তারকা বলেন, “এটা বরাবরই একটা প্রিভিলেজ কারণ উনি আমায় সাহায্য করেছেন খেলার উন্নতি করার ক্ষেত্রে। তবে আমি আমার নিজের একটা পরিচিতি তৈরি করতে চাই। ওনার সঙ্গে আমার তুলনায় আমি সম্মানিত বোধ করছি।”
