“বিরাটের জায়গায় ব্যাট করতে নামা উচিত করুণের” দাবি সানির

“বিরাটের জায়গায় ব্যাট করতে নামা উচিত করুণের” দাবি সানির

দেবজিৎ মুখার্জি: বিরাট কোহলির জায়গায় কাকে ব্যাট করানো উচিত? এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সুনীল গাভাস্কর। চমকপ্রদভাবে এই তালিকায় নাম নেই শুভমান গিল বা কেএল রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তাঁর মতে এই পজিশনে ব্যাট করার জন্য আদর্শ ক্রিকেটার, দীর্ঘদিন পর দলে জায়গা পাওয়া, করুন নায়ার। সানির বক্তব্য, এতদিন পর যখন সুযোগ পেয়েছেন, তখন ওকেই বিরাটের জায়গায় ব্যাট করতে পাঠানো উচিত। 

একেবারে দোরগোড়ায় চলে এসেছে চলতি আইপিএলের সমাপ্তি। জুন মাসের ৩ তারিখেই শেষ হবে টুর্নামেন্ট। এরপর ইংল্যান্ডের রওনা দেবেন ভারতীয় ক্রিকেটাররা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর, এবার অধিনায়কত্বের দায়িত্ব গেছে গুজরাট টাইটান্স ক্যাপ্টেন শুভমান গিলের কাঁধে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দল। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়েই তা তৈরি করা হয়েছে। আইপিএলে ভালো পারফরমেন্সের জেরে জাতীয় দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন। পাশাপাশি, দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুন নায়ার।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকলেও চিন্তা রয়েছে বিরাট কোহলির পজিশনের ব্যাটিং নিয়ে। কাকে দেওয়া যেতে পারে সেই জায়গায় ব্যাট করার দায়িত্ব? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। কেউ মনে করছেন যে সেখানে নামা উচিত কেএল রাহুলের। আবার অনেকে মনে করছেন যে গিলেরই সেই জায়গায় নামা উচিত। সবমিলিয়ে, এই ব্যাপার নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে।

এবার এই ব্যাপারে নিজের মত জানালেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে করুন নায়ারের এই পজিশনে ব্যাট করতে আসা উচিত। ঠিক কি কারনে এই সুযোগ তাঁর প্রাপ্য, সেটিও জানান সানি। প্রাক্তন তারকার মতে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তিনি এবং যেহেতু বিরাটকে আর কোনদিন দেখা যাবেনা ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে, তাই সেই পজিশনেই দিল্লি ক্যাপিটালসের এই তারকারই ব্যাট করতে নামা উচিত। তবে তিনি এটাও স্বীকার করেন যে বিরাট কোহলির জায়গা নেওয়া বেশ কঠিন, কিন্তু করুন যদি তা কাজে লাগাতে পারেন, তাহলে ফের ইতিহাস সৃষ্টি হবে।

সানি বলেন, “করুন ত্রিশতরান করেছিল দ্বিতীয় ভারত হিসেবে। ২০১৮ সালে দলে থাকলেও তাকে খেলানো হয়নি। তখন পৃথ্বী শ, হনুমা বিহারীদের মাঝপথে জায়গা দেওয়া হয়েছিল। বিহারীর অভিষেক ঘটলেও করুনকে সুযোগ দেওয়া হয়নি। তবে এবার যখন সেই সুযোগ এসেছে, তখন ওকেই সেই জায়গায় ব্যাট করতে পাঠানো উচিত। বিরাট কোহলির জায়গা নেওয়া কঠিন। রোহিতও আগে টেস্ট দলে জায়গা পেতোনা। তারপর সেখান থেকেই অধিনায়ক হয়। করুন যদি এবার এই সুযোগ কাজে লাগাতে পারে, তাহলে ফের ভারতীয় ক্রিকেটের ইতিহাস তৈরি হবে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *