নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজ খেলতে নামার আগে অবসর নেওয়া তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে খোঁচা দিলেন প্রাক্তন ইংরেজ স্পিনার মন্টি পানেসার। কি বললেন তিনি? প্রাক্তন ক্রিকেটারের মতে বিরাট বাদ পড়ার ভয় হয়তো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান বিরাটকে হয়তো নির্বাচকরা হুঁশিয়ারি দিয়েছেন যে প্রথম দুটি টেস্টে পারফর্ম না করতে পারলে পুরো সিরিজ খেলাবেনা এবং সেই কথা ভেবেই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর তরফ থেকে।
দোড়গড়ায় আইপিএলের ফাইনাল। তা শেষ হলেই ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা দেবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। ইতিমধ্যেই দল ঘোষণা করে দেওয়া হয়েছে। রোহিত শর্মা অবসর নেওয়ায় নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে। এছাড়া আইপিএলে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে দলে জায়গা করে নিয়েছেন সাই সুদর্শন। দীর্ঘদিন পর ফিরেছেন করুনা নায়ার। বলতে গেলে, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়েই তৈরি হয়েছে দল।
তবে এই সিরিজে টিম ইন্ডিয়া নামার আগে রোহিত শর্মার অবসরের ৫ দিন পর সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান বিরাট কোহলি। বিরাটের অবসরকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় ক্রিকেট মহলে। ৮ থেকে ৮০, প্রায় সকলের মনেই একটা সন্দেহ জাগে দুই তারকার পরপর অবসর নিয়ে। বহু ক্রিকেটপ্রেমী এটাও দাবি করেন যে দুজনেরই হয়তো অবসর নেওয়ার ইচ্ছা ছিলোনা, তবে বোর্ডের চাপে তাঁরা নিজেদের সরিয়ে নেন। সবমিলিয়ে, একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছিল দুই তারকা ক্রিকেটারের অবসর।
এবার বিরাটের অবসর নিয়ে নিজের বক্তব্য রাখলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসার। বলতে গেলে, তিনি খোঁচা দেন কিং কোহলিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সকলেই আশা করেছিলাম যে বিরাট খেলবে। কিন্তু ওর অবসর নেওয়া অবাক করে দেয় সবাইকে। ওর যে অফ স্টাম্পের বাইরে দুর্বলতা আছে, সেটা নিয়ে হয়তো নির্বাচকরা ওর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন যে প্রথম দুটি টেস্টে ভালো পারফর্ম না করতে পারলে, ও যেন পুরো সিরিজ খেলার আশা না করে। সেই কারণেই ও ভেবেছে সুযোগ করে দেবে তরুণদের।” এবার দেখার বিষয় যে শুভমান গেলেন নেতৃত্বে দল কেমন পারফর্ম করে। কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।
