নিউজ ডেস্ক: “তিন নম্বরে নামা উচিত সাই সুদর্শনের” ইংল্যান্ড সিরিজের আগে দাবি করলেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। তাঁর নজরে সুদর্শন সুপারস্টার এবং তাঁকেই তিন নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। এখানেই শেষ নয়, ক্লার্ক এটাও দাবি করেন যে শীঘ্রই ওডিআই ও টি-টোয়েন্টিতে ওপেন করবেন সুদর্শন। পাশাপাশি, ক্লার্ক এটাও জানেন যে টেকনিক্যালি ভালো সুদর্শন এবং তাঁর হাতে শট রয়েছে। অবশেষে, তিনি এটাও জানান যে সুদর্শন নিজের দক্ষতার মাধ্যমে তাঁর মন জিতেছেন।
সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে তাক লাগিয়ে দিয়েছিলেন গুজরাট টাইটানসের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন। তিনি এবারের টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপ হোল্ডার। অজস্র ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন তিনি এবারের মরশুমে। তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সকল ক্রিকেটপ্রেমীদের। অনেকে এখন থেকে এটা দাবি করতে শুরু করে দিয়েছেন যে ভবিষ্যতের টিম ইন্ডিয়ার একটি স্তম্ভ হয়ে দাঁড়াবেন সুদর্শন। এখানেই শেষ নয়, অনেকে এটাও মনে করছেন যে বিরাট-রোহিতরা যেদিন অবসর নেবেন, সেদিন দলে ঢুকবেন সাই এবং যা দরকার, সেটা করে দেখাবেন।
তাঁর আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা তাঁকে জায়গা পাইয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি জায়গা পেয়েছেন দলে। ইতিমধ্যেই তিনি ঘোষণা করে দিয়েছেন যে তিনি মাঠে নামতে প্রস্তুত। পাশাপাশি, তিনি এটাও জানান যে তিনি আশা করছেন যে কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা এই সিরিজের তাঁর কাজে লাগবে। সবমিলিয়ে, এবার ব্যাট হাতে আরো একবার নিজেকে প্রমাণ করতে তৈরি সুদর্শন।
এবার সাই প্রসঙ্গে নিজের মতামত জানালেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। তিনি বলেন, “আমার কাছে সুপারস্টার সাই সুদর্শন। আমি মনে করি ওকেই তিন নম্বরে পাঠানো উচিত। একদিন ও দলের হয়ে ওডিআই ও টি২০ ক্রিকেটে ওপেন করবে। এই মুহূর্তে যেহেতু টেস্ট দলে রয়েছে, তাই ও নিজের প্রথম সুযোগ ইংল্যান্ডেই পাবে। ও যেমন টেকনিক্যালি ভালো, তেমনি ওর হাতে সব ধরনের শট রয়েছে। এছাড়া ও নিজেও মানসিকভাবে তৈরি আছে। ও নিজের দক্ষতা দিয়ে আমার মন জিতেছে।” এবার দেখার বিষয় যে আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান কিনা সুদর্শন। তাঁকে কি দেখা যাবে প্লেইং একাদশে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।
