“বলে বোঝাতে পারবো না” ম্যাচ জিতে দাবি রাবাডার 

“বলে বোঝাতে পারবো না” ম্যাচ জিতে দাবি রাবাডার 

নিউজ ডেস্ক: “কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে এমনটাই দাবি করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তারকা পেস বোলার কাগিসো রাবাডা। তিনি দাবি করেন যে এমন বড় একটি গ্রাউন্ডে যেখানে অজস্র মানুষ দেখছেন ম্যাচটি, তা জিতে কেমন লাগছে, তা বলে বোঝানো সম্ভব নয়। পাশাপাশি, তিনি নিজের সতীর্থদেরও প্রশংসা করেন। বিশেষ করে ম্যাচের সেরা এডেন মার্করাম ও অধিনায়ক টেম্বা বাভুমা যেভাবে ব্যাটিং করেছেন, তার ভুয়সী প্রশংসা করেছেন রাবাডা।

অবশেষে দীর্ঘ লড়াইয়ের ফল পেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রথম আইসিসি টুর্নামেন্ট জিতল তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিজেদের ঝুলিতে তুললেন টেম্বা বাভুমা ও তাঁর বাহিনী। ম্যাচটি তারা জেতে পাঁচ উইকেটে। সৌজন্যে ব্যাট হাতে এডেন মার্করামের দুর্দান্ত শতরান এবং অধিনায়ক টেম্বা বাভুমার ধৈর্যশীল অর্ধশতরানের ইনিংস। অন্যদিকে বল হাতে দুই ইনিংসেই অসাধারণ পারফরম্যান্স তুলে ধরেছেন দলের তারকা পেস বোলার কাগিসো রাবাডা। প্রথম ইনিংসে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট তোলেন তিনি। অর্থাৎ সবমিলিয়ে, তাঁর ঝুলিতে ওঠে ৯টি উইকেট। বলতে গেলে, দলের জয়ের পেছনে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

চতুর্থ দিন দুই উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা। অবশেষে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। এই জয়ের পর আনন্দে ফেটে পড়ে স্টেডিয়ামে উপস্থিত দক্ষিণ আফ্রিকার সমর্থকরা। পাশাপাশি, তাদের দেশেও শুরু হয়েছে উদযাপন। এক আলাদা উল্লাস দেখা যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বইতে শুরু করে অভিনন্দনের বন্যা। যেভাবে দলের ক্রিকেটাররা পারফর্ম করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। বিশেষ করে যে মুহূর্তে তারা ট্রফি তোলে, গোটা পরিবেশ পাল্টে যায় লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের। সবমিলিয়ে, এই জয় পেয়ে ইতিহাস গড়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের শেষে নিজের পারফরমেন্স ও দলের জয় প্রসঙ্গে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার কাগিসো রাবাডা। বিশ্ব ক্রিকেটের দুই প্রাক্তন তারকা ব্যাটার ম্যাথিউ হেডেন ও কেভিন পিটারসনকে তিনি বলেন, “আমি নিজের মনের কথা মুখে বলে বোঝাতে পারবো না। আশা করি বুঝতে পারছ কি হচ্ছে এই মুহূর্তে। একটা বড় ক্রাউড এবং অজস্র দর্শক এই ম্যাচটি দেখেছেন, সেটা জেতা মানে একটা বড় ব্যাপার। আমি বলে বোঝাতে পারবো না।” এরপরই সতীর্থদের প্রশংসা করেন রাবাডা। মার্করাম প্রসঙ্গে তিনি বলেন, “ও বড় ম্যাচের প্লেয়ার। আপনারা দেখেছেন কিভাবে ব্যাট করেছে। নিজের গেম প্ল্যান থেকে বিন্দুমাত্র নড়েনি।” বাভূমা প্রসঙ্গে তিনি বলেন, “ও আমাদের সেরা ব্যাটার। তারপর বড় মুহূর্তে এডেন দাঁড়িয়ে খেলেছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *