কেন বৈভবের সঙ্গে শচীনের তুলনা ঠিক নয়? জানালেন রাজু

কেন বৈভবের সঙ্গে শচীনের তুলনা ঠিক নয়? জানালেন রাজু

দেবজিৎ মুখার্জি: “বৈভবের সঙ্গে শচীনের তুলনা একেবারেই ঠিক নয়” এমনটাই মত প্রবীণ ভারতীয় স্পিনার, তথা প্রাক্তন বিসিসিআই নির্বাচক, বেঙ্কটপতি রাজুর। এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতে গিয়ে জানান যে জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে শচীন রঞ্জি, দালীপ ও রেস্ট অফ ইন্ডিয়া, তিন ফরম্যাটেই রান পেয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে বৈভব যদি ধারাবাহিকতা দেখাতে পারেন, তাহলেই তাঁকে জাতীয় দলের নিয়ে আসা যাবে।

সদ্য শেষ হওয়া আইপিএলে দেখা গিয়েছে একাধিক নজর কাড়া পারফরমেন্স। ব্যাট হাতে হোক কি বল হাতে, দুটিতেই নিজেদের সেরাটা দিয়েছে সমস্ত ক্রিকেটার। তবে দর্শকদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছেন ১৪ বছর বয়সী আরআর তারকা বৈভব সূর্যবংশী। নিজে অভিষেক আইপিএল ম্যাচেই একটি দুর্দান্ত মারকুটে ইনিংস খেলেছিলেন তিনি। তবে গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের মারকাটারি ইনিংস মন জয় করেছে সকলের এবং এরপর থেকেই সকলের মুখে শোনা গিয়েছে, বলা ভালো এখনো আলোচনার বিষয়, বৈভবের নাম।

অনেকে বৈভবকে এখন থেকেই ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকারের সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন যে তিনি ভবিষ্যতের শচীন। যদিও আরেকাংশ মনে করছেন যে এখনো তাঁর অনেক কিছু শেখা বাকি। এবার এই ব্যাপারে নিজের বক্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটপতি রাজু। তিনি মনে করেন যে এই তুলনাটা একেবারেই করা ঠিক নয়। 

রাজু বলেন, “ঠিক নয় তুলনা করা। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে শচীন রঞ্জি, দালীপ ও রেস্ট অফ ইন্ডিয়া, তিন ফরম্যাটেই সাফল্য পেয়েছিলেন। এখন যদি বৈভব ধারাবাহিকতা দেখাতে পারে তাহলে ওকে জাতীয় দলে নিয়ে আসা যাবে। বয়স যতই কম হোক, ও যদি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও চার দিনের ক্রিকেটে ভালো পারফর্ম করে দেখাতে পারে, তাহলে ওকে জাতীয় দলে সুযোগ দেওয়া যেতে পারে। সাদা-বলের ক্রিকেটে ওর ট্যালেন্ট আছে, তা ইতিমধ্যেই আমরা দেখেছি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *