নিউজ ডেস্ক: “বিরাটের মতো ভালো নয় রোহিত” ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এমনটাই দাবি করলেন কিংবদন্তি ইংরেজ ক্রিকেটার স্যার জফরি বয়কট। তাঁর মতে রোহিত জানেন যে ইংল্যান্ডে ওপেন করা সহজ ব্যাপার নয় এবং সাফল্য পেতে হলে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এখানেই শেষ নয়, বয়কট আরও জানান যে হিটম্যানের চেয়ে কিং কোহলির না থাকাটা দলের ক্রিকেটাররা বেশি টের পাবেন।
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই হেডিংলিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের, প্রথম টেস্ট। দুই দলের ক্রিকেটাররাই এখন অপেক্ষায় রয়েছেন সঠিক সময়ের। নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত রয়েছেন সকলেই। পাশাপাশি, টিম কম্বিনেশন নিয়েও মাথা লাগাচ্ছে দুই শিবির। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকায় একটা চাপ থাকবে শুভমান গিলদের মধ্যে। এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের লেজেন্ডারি ক্রিকেটার স্যার জফরি বয়কট। তিনি দুজনের তুলনা করেন এবং বলেন, “বিরাটের মতো ভালো অ্যাথলিট নয় রোহিত। ও ভালো করেই জানে যে ইংল্যান্ডে ওপেন করা বেশ কঠিন হবে এবং বহু পরীক্ষার মুখোমুখি হতে হবে। দুজনের অবসর নেওয়া টিম ইন্ডিয়াকে ধাক্কা দেবে। তবে রোহিতের চেয়ে বিরাটের না থাকা টের পাবে দল। কারণ তিন ফরম্যাটেই ও সেরা।”
যদিও রোহিত শর্মাকে দুর্দান্ত ব্যাটার বলে মনে করেন ইংরেজ তারকা। বয়কট বলেন, “ও একজন দুর্দান্ত ব্যাটার ছিল। ও দুর্দান্ত স্ট্রোক প্লেয়ার নিজের সেরা সময়ে। কিন্তু সিরিজে ওর অভাব দল বুঝতে পারবে না কারণ টেস্ট রেকর্ড দুর্দান্ত বিরাট কোহলির।” এবার দেখার বিষয় অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট দল কেমন খেলা তুলে ধরে। শুভমান গিল ও তাঁর বাহিনী কি পারবে ইংল্যান্ডের মাঠে তাদের বধ করতে? কি হবে সিরিজের ফলাফল? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

