নিউজ ডেস্ক: হেডিংলি টেস্টের আগে বড় মন্তব্য করে বসলেন ভারতীয় টেস্ট দলের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমান গিল। তিনি দাবি করেন যে রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়াই টিম ইন্ডিয়া বধ করবে ইংল্যান্ডকে। যদিও কি কারণে এমনটা বলেছেন, সেটাও জানান তিনি। জিটি অধিনায়কের বক্তব্য, দুই ক্রিকেটারের অভিজ্ঞতা ও পরামর্শকে তি লাগাবেন। পাশাপাশি, গত সিরিজের ফলাফলের প্রসঙ্গও টেনে আনেন এবং জানান যে এবারও তা করে দেখাতে চান।
আর কিছুক্ষণ পর বেন স্টোকসদের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে, বলতে গেলে, এক তরুণ ব্রিগেড খেলতে নামবে ছন্দে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও ইংল্যান্ড ভারতকে হালকাভাবে নিচ্ছে না। জয়ের কথা মাথায় রেখে দুই দলে ক্রিকেটাররাই জোরদার অনুশীলন করছেন। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ারদের রীতিমত কড়া নজরে প্র্যাকটিস করিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। সকলেরই খেলার দিকে তিনি নজর রেখেছেন। বলা ভালো, সবকিছু খতিয়ে দেখছেন।
তবে সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে বসেন গিল। প্রতিবারের মতো এবারও তাঁকে প্রশ্ন করা হয় অবসর নেওয়া দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। সাংবাদিকরা প্রশ্ন করেন যে দুই তারকা ছাড়া দল ভালো পারফর্ম করতে পারবে কিনা। সেই প্রসঙ্গে নিজের অবস্থান জানান গিল। তিনি স্পষ্ট করে দেন যে দুজন ছাড়াই সিরিজ নিজেদের পকেটে তুলবে টিম ইন্ডিয়া। পাশাপাশি, রোকোকে নিয়ে আরো কিছু কথা তুলে ধরেন।
গিল বলেন, “দুজনের সঙ্গে কথা হয়েছে। ওরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছে। ইংল্যান্ডে কিরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেই ব্যাপারে জানিয়েছে। ওরা যা পরামর্শ দিয়েছে, তা কাজে লাগাতে চাই আমরা। গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে যেই সিরিজ আমরা খেলেছিলাম, সেটা আমার কাছে অন্যতম সেরা সিরিজ। তখনো বহু ক্রিকেটার আমাদের প্রথম একাদশে ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমরা ৪-১ ফলাফলে সিরিজ জিতি। এর থেকে বোঝা যায় আমাদের দলের ক্রিকেটারদের কতো প্রতিভা রয়েছে। এবারও গতবারের ফল করতে চাই। রোহিত ও বিরাট ছাড়াই আমরা জিতব।” এবার দেখার বিষয় গিল যা বললেন, সেটা তিনি করে দেখাতে পারেন কিনা। কি হবে সিরিজের ফলাফল? তা বলবে সময়।
