নিউজ ডেস্ক: আরো একবার ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জিততে সফল হলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। ইংল্যান্ডের মাটিতে এক অসাধারণ ইনিংস খেললেন তিনি। এদিন তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। যেভাবে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে তিনি বাউন্ডারি হাকিয়েছেন, তা মন জয় করেছে সকলের। বলা ভালো, যশস্বীর জোশেই এক দুর্দান্ত স্টার্ট দিতে সফল হয় শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানোর পর থেকেই সকলের মন জয় করেছেন উত্তরপ্রদেশের ২৩ বছর বয়সী তরুণ তারকা ক্রিকেটার যশস্বী জয়েসওয়াল। টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথম ইনিংসেই তিনি সকলকে দেখিয়ে দিয়েছিলেন তিনি কি ধাতু দিয়ে গড়া। শুধু টেস্ট ক্রিকেট নয়, ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, ওরফে টি-টোয়েন্টি ক্রিকেটেও, এই মুহূর্তে তিনি রাজা। ২০ ওভারের ক্রিকেটেও তিনি লাগাতার ভালো পারফর্ম করে চলেছেন। একদিনের ক্রিকেটে হলে তিনি সুযোগ পান। তবে এখন অবধি ৫০ ওভারের ক্রিকেটে তিনি কিছু করে দেখাতে পারেননি। তবে মনে করা হচ্ছে শীঘ্রই বড়সড় কিছু করে দেখাবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে এক অসাধারণ ইনিংস খেললেন জয়েসওয়াল। ১৫৯ বল খেলে ১০১ রান করে তিনি আউট হন। তাঁর ১৬টি বাউন্ডারি এবং একটি ছক্কা। মোট ৭০ রান আসে বল বাইরে পাঠিয়েই। তাঁর এই ইনিংস দেখে খুশি হন তাঁর সতীর্থ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই। অনেকেই আশা করেছিলেন যে তিনি দ্বিশতরান বা ত্রিশতরানের ইনিংস খেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় সকলেই হতাশ হয়েছেন। বলতে গেলে, তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, বেশ চাপে ছিলেন ইংল্যান্ডের বোলাররা। বলা ভালো, সেটা তাদের চোখে-মুখেই ফুটে উঠেছিল।
তাঁর এই অসাধারণ ইনিংসের দৃশ্য চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। এরপরই কমেন্ট করতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে বলছেন অনুশীলনে হেড কোচ গৌতম গম্ভীরের ধমক খেয়ে খেলার ধরনের উন্নতি হয়েছে তাঁর। আবার অনেকে মনে করছেন যে দ্বিতীয় ইনিংসেও তিনি তাক লাগিয়ে দেবেন। বলতে গেলে, এখন গোটা ভারতবর্ষ যশস্বীর প্রশংসায় পঞ্চমুখ এবং সকলেই অপেক্ষা করছেন তিনি কি করে দেখাতে পারেন দ্বিতীয় ইনিংসে, সেদিকে। এবার দেখার বিষয় যে তিনি সকলের আশাপূরণ করতে পারেন কিনা। কি হবে অবশেষে? তা বলবে সময়।

