নিউজ ডেস্ক: “ও নিজের মতো করেই ব্যাটিং করে” টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ প্রসঙ্গে এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি জানান যে পান্থ নিজের প্ল্যান নিজেই করেন। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান ঠিক কিভাবে দ্বিতীয় দিনে নিজের ব্যাটিং পাল্টান পান্থ। তিনি বোঝান যে পুরো ইনিংসটাই পান্থ নিজের মতো করে খেলেছেন।
হেডিংলি টেস্টে ব্যাট হাতে অসাধারণ ইনিংস তুলে ধরেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। ১৩৪ রানের একটি মারকুটে ইনিংস খেলেছেন তিনি। বলা ভালো, দলের বড় রান করার পেছনে একটি বিশেষ অবদান রেখেছেন এলএসজি অধিনায়ক। ৮ থেকে ৮০, সকলেই তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন এবং প্রশংসা করেছেন। অনেকে এমনটাও দাবি করেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে নিজের ব্যাটিং করার ধরণ পাল্টেছেন পান্থ।
এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন টিম ইন্ডিয়ার বর্তমান ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি বলেন, “ও এমন একজন ক্রিকেটার যে নিজের প্ল্যান নিজেই করে। অন্যান্য ইনিংসের তুলনায় এই ইনিংসটা একটু আলাদা ছিল। কিন্তু পুরো পরিকল্পনাটাই ছিল ওর। শুরুতে ওর যেভাবে ব্যাটিং করা ঠিক মনে হয়, ও সেভাবেই করে। পরে ও ঠিক করে আক্রমণ করার। ও আগ্রাসী ক্রিকেট খেলতে বিশ্বাসী মানে এই নয় যে ও ডিফেন্সিভ খেলতে পারেনা।” এবার দেখার বিষয় যে পরবর্তী ইনিংসে কেমন খেলা দেখান পান্থ।
